২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হয় ৩৬ দিনের ঐতিহাসিক গণ-আন্দোলন। এবার আন্দোলনের প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা ও ইয়ার্কি আয়োজন করছে ‘বিদ্রুপে বিদ্রোহ’। প্রদর্শনীতে ব্যঙ্গের মাধ্যমে প্রতিরোধের শক্তিকে তুলে ধরা হবে। গত ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলবে বিদ্রুপে বিদ্রোহ। প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য।

রক্তাক্ত জুলাইয়ের দিনগুলোয় ব্যঙ্গ হয়ে উঠেছিল প্রতিবাদের সবচেয়ে সাহসী মাধ্যমগুলোর একটি। যখন নাগরিকরা ন্যায়বিচার ও গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে এসেছিল, তারা রাজনৈতিক প্রতিরোধের ভাষা হিসেবে ব্যবহার করেছিল কার্টুন, মিম, দেয়ালচিত্র, ভিডিও, প্রতিবাদী গান ও কবিতা। সৃজনশীলতার শক্তি আন্দোলনকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। রসিকতা, বিদ্রূপ ও অকপট সমালোচনার মাধ্যমে ব্যঙ্গ হয়ে উঠেছিল দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রামের এক সম্মিলিত আহ্বান।

বিদ্রুপে বিদ্রোহ সে সাহসী ব্যঙ্গাত্মক প্রকাশগুলোকে একত্র করেছে, যা ওই গণ-আন্দোলনের প্রতিরোধের চেতনাকে ধারণ করে। প্রদর্শনীতে থাকবে ব্যঙ্গচিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও পথচিত্রের একটি সংরক্ষিত আর্কাইভ; প্রতিবাদী গান ও কবিতা পাঠ, ভিডিও ইনস্টলেশন, লাইভ পারফরম্যান্স; যার মধ্যে রয়েছে প্রভোকেটিভ মঞ্চনাটক Drama Queen (নাটক কম করো প্রিয়), ইন্টারঅ্যাকটিভ সেশন ও অংশগ্রহণমূলক কার্যক্রম।

ইয়ার্কির একজন মুখপাত্র বলেন, ‘ব্যঙ্গ সবসময়ই বঞ্চিতদের অস্ত্র-ক্ষমতার প্রতি হাসি ছুড়ে দিয়ে এর অযৌক্তিকতাকে উন্মোচিত করার উপায়। এ প্রদর্শনী তাদের জন্য এক শ্রদ্ধাঞ্জলি, যারা সাহস ও বুদ্ধিদীপ্ত কৌতুকের মাধ্যমে অন্ধকার সময়েও সত্য কথা বলতে পিছপা হননি।’

ছয়দিনের এ প্রদর্শনী বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।