গুরুতর অসুস্থ হয়ে গত কয়েক মাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন ছোটপর্দার গুণী অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচা। অভিনেতার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে বাবু। অসুস্থতার পর অভিনেতার শারীরিক অবস্থা তিনি নিয়মিত ফেসবুকে জানাতেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা।

হক চাচার জানাজা ও দাফন নিয়ে অভিনেতা মুসাফির সৈয়দ জানান, বৃহস্পতিবার আসর নামাজের পর অভিনেতার নামাজে জানাজা হবে। পরে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কবিতর পাড়া কবরস্থানে দাফন করা হবে।

এ সময় জানানো হয়, ১৯৪৭ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন সৈয়দ গোলাম সারোয়ার। ২০২৪ সালের ১৫ আগস্টেই মৃত্যু হলো তার।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ধারাবাহিক নাটক ‘৪২০’-তে ‘হক চাচা’ চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন গোলাম সারোয়ার। এক পর্যায়ে ‘হক চাচা’ নামেই সবার কাছে পরিচিতি লাভ করেন তিনি।