চলতি বছরের প্রথম প্রান্তিকে বলিউডের অনেক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এমন পরিস্থিতিতেই মুক্তির দোরগোড়ায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। সালমান খান অভিনীত সিনেমাটি কেমন ব্যবসা করবে, তার পূর্বাভাস দেয়া তাই কঠিন। সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে এক আলাপচারিতায় বলিউড ইন্ডাস্ট্রির ব্যবসা বিশেষজ্ঞ তরণ আদর্শ চলতি বছরের প্রথম প্রান্তিকে বলিউডের ব্যবসা নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা নিয়েও কথা বলেন। সালমান খানকে পর্দায় রোমান্স করতে দেখতে ভালো লাগে না বলে জানান তরণ।
তিনি বলেন, ‘একজন রোমান্টিক হিরোর ভূমিকায় সালমানকে দেখতে আমার ভালো লাগে না। কথাটি অন রেকর্ড বলতে চাই। কিন্তু অ্যাকশন দৃশ্যে তাকে আমি পছন্দ করেছিলাম। সে আমার সমবয়সী। ৫৮ বছর বয়সেও সে অ্যাকশন দৃশ্যে দারুণ সাবলীল। সালমানের বিভিন্ন ধরনের চরিত্র কিংবা বিভিন্ন ধারার সিনেমায় মনোনিবেশ করা উচিৎ।’
অ্যাকশন দৃশ্যে সালমানের অভিনয় প্রসঙ্গে তরণ আদর্শ আরো বলেন, ‘বজরঙ্গী ভাইজান সিনেমায় তার অভিনয় আমার খুব পছন্দ হয়েছিল। এটি তার অন্যতম সেরা পারফরম্যান্স বলে আমি মনে করি। তবে আমি বলব না, এটিই তার সবচেয়ে সেরা কাজ। সুলতান সিনেমায় তার অভিনয় আমার ভালো লেগেছে। সেখানে খুব আবেগি একটি দিক আছে। সেটির প্রশংসা করা প্রয়োজন। অ্যাকশন হিরো হিসেবেই তাকে ভালো লাগে। তিনি একটি ঘুসি মারবেন। আর ১০ জন স্রেফ হাওয়ায় উড়ে যাবে। এমন দৃশ্যেই তাকে ভালো মানায়। কিসি কা ভাই কিসি কি জান সিনেমার ট্রেলারে সালমান এ ইচ্ছা বাস্তবায়ন করেছেন। বিষয়টি আমার ভালো লেগেছে।’
সালমান খান প্রসঙ্গের ইতি টেনে তরণ বলেন, ‘সালমান সাধারণত যেসব মসলাদার সিনেমায় কাজ করেন, তার বাইরেও অনেক কিছু করার আছে। এটি আমি সত্যিকার অর্থে অনুভব করি। আরো ভালো পরিচালকদের সঙ্গে তার কাজ করা উচিৎ বলেও আমি মনে করি। আমি আসলেই এটি মনে করি, এ ব্যাপারে আমি সোচ্চার।’
ঈদুল ফিতরকে সামনে রেখে বলিউডে সালমান খানের সিনেমা মুক্তি দেয়ার রীতি আছে। সে ধারা অনুসারে, ২১ এপ্রিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি দেয়ার দিন নির্ধারণ হয়েছে।
সূত্র: বলিউড হাঙ্গামা










