কলকাতা আর বাংলাদেশে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকেন নুসরাত ফারিয়া। কলকাতার সিনেমায় ‘ভয়’-এর কাজ শেষে দেশে ফিরেছেন এ অভিনেত্রী। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা। এর আগে অঙ্কুশের সঙ্গে ‘আশিকী’ ও ‘বিবাহ অভিযান’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া জানান, ‘অঙ্কুশের সঙ্গে আমার প্রথম সিনেমা আশিকী। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভয়ের কাজ শুরু হলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে এরই মধ্যে কলকাতায় সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হলো। এখনো ডাবিং বাকি। ভয় সিনেমাটির গল্প চমত্কার। অঙ্কুশের সঙ্গে কাজের বোঝাপড়াটা এক কথায় দারুণ। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’

ইকো এন্টারটেইনমেন্টের ব্যানারে ভয় প্রযোজনা করেছেন সন্দীপ জয়সওয়াল। এ সিনেমায় নুসরাতকে দেখা যাবে  সাধারণ একজন বাঙালি মেয়ের চরিত্রে, যিনি শিক্ষকতা করেন। অন্যদিকে অঙ্কুশ থাকছেন একজন সাঁতারের প্রশিক্ষকের চরিত্রে। ভয়তে অঙ্কুশ ও ফারিয়ার সঙ্গে থাকছেন অসীম রায় চৌধুরী, বরুণ চক্রবর্তী, অভিষেক সিং, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত প্রমুখ।

২০১৫ সালে আশিকী ছিল ফারিয়ার প্রথম সিনেমা। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ সিনেমায়ও নুসরাত ফারিয়া অভিনয় করেছেন।