বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। হলিউডেও যাত্রা করেছেন তিনি নেটফ্লিক্সের ‘‌হার্ট অব স্টোন’ ওয়েব ফিল্ম দিয়ে। এতে আলিয়ার সঙ্গে দেখা যাবে ওয়ান্ডার উইম্যান অভিনেত্রী গাল গাদত ও জেমি ডরন্যানকে। এটি পরিচালনা করবেন টম হার্পার। গল্পটি লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোডর। স্পাই থ্রিলার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১১ আগস্ট। ‘‌হার্ট অব স্টোন’ মুক্তির আগে প্রচারণায় ব্যস্ত আলিয়া ও গাল গাদত। 

ওয়েব ফিল্মটির প্রচারণার অংশ হিসেবে মিড ডে ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন আলিয়া, গাল গাদত ও জেমি ডরন্যান। সেখানে আলিয়াকে দেখা গেছে গাল গাদতকে তেলেগু ভাষা শেখাতে। সাক্ষাৎকারের ওই অংশের ভিডিও ক্লিপটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা শুরু করেন নেটিজেনরা। ঘটনার সূত্রপাত মূলত গুগলের কয়েকটি প্রশ্ন নিয়ে। গুগলের সবচেয়ে বেশি করা প্রশ্নের উত্তর দিয়েছেন এ অভিনেতা। এর মধ্যে একটি প্রশ্ন ছিল আলিয়া কি তেলেগু ভাষায় কথা বলতে পারে। প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘‌আমি তেলেগুতে সাবলীল না হলেও কয়েকটি বাক্য আমি বলতে পারি।’ এ সময় গাল গাদত আলিয়াকে তেলেগু ভাষায় কথা বলতে বলেন। জবাবে আলিয়া তেলেগুতে সবাইকে স্বাগত জানান এবং এর ইংরেজি অনুবাদ বলেন গালকে। আলিয়াকে অনুসরণ করে গাল গাদত স্পষ্ট ভাষায় তেলেগু বলেন। এর পরই এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এছাড়া আলিয়া গাল গাদতকে তার আরআরআর সিনেমার নাটু নাটু গানের সঙ্গে নাচতে বলেন। গাল সানন্দে নাটু নাটুর ড্যান্সিং স্টেপগুলো করেন। 

মিড ডের সাক্ষাৎকারে গাল গাদত আলিয়া প্রসঙ্গে বলেন, ‘‌আমি আরআরআর দেখার আগে থেকেই আলিয়াকে পছন্দ করি। এ সিনেমার জন্য আমরা একজন নতুন মুখ খুঁজছিলাম। আলিয়াকে দেখে আমার মনে হয়েছে ওই আমাদের সিনেমার জন্য সেরা। সত্যি আলিয়ার সঙ্গে কাজ করে অনেক আনন্দ পেয়েছি।’ 

এ সাক্ষাৎকারে আলিয়া বলিউডের জনপ্রিয় মুখ রণবীর কাপুর ও তার মেয়ে রাহাকে নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে সব ছাপিয়ে গেছে আলিয়া ও গাল গাদতের তেলেগু বলা। 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস