জাগরণী থিয়েটার আজ তাদের জনপ্রিয় প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকের ৪৭তম মঞ্চায়ন করতে যাচ্ছে সুনামগঞ্জে। বিষয়টি নিশ্চিত করেছেন থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা। ‘থিয়েটার ২১ সুনামগঞ্জ’-এর আমন্ত্রণে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটি মঞ্চায়ন হচ্ছে। এটি রচনা করেছেন মাহফুজা হিলালী আর নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
দলের সাধারণ সম্পাদক স্মরণ সাহা নাটকটির গল্প নিয়ে জানান, ১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ চিঠি ও রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এ কাহিনী নিয়েই রাজার চিঠি নাটকটি লেখা। একসময় যুবক হরিদাস রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন। এ নিয়ে তার পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব হাসাহাসি করেছিল। কিন্তু দেখা যায়, একদিন রবীন্দ্রনাথ সে চিঠির উত্তর দিয়েছেন। এ সময় হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। অন্যদিকে হরিদাস বসাকও সাহিত্যসংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন। এরপর ১৯৪৭ আর ১৯৭১ সালে নানা ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটি এরই মধ্যে একাধিকবার ঢাকায় মঞ্চায়ন করা হয়েছে। এছাড়া দেশের সীমানা ছাড়িয়ে ভারতের মঞ্চেও এটি পরিবেশিত হয়েছে। এ নাটক প্রসঙ্গে জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিকে কেন্দ্র করেই এ নাটকের গল্প। এর আগে যতবার এর মঞ্চায়ন হয়েছে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি, ৪৭তম মঞ্চায়নেও দর্শক নাটকটি আগ্রহ নিয়ে উপভোগ করতে আসবেন। দর্শকের জন্যই আমরা কষ্ট করি। তাই দর্শক নাটক দেখতে এলে আমরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই।’
রাজার চিঠি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, স্মরণ সাহা, অনিকেত পাল বাবু, শাহানা জাহান সিদ্দিকা, ইয়াসিন শামিম, জুলিয়েট সুপ্রিয়া সরকার, মো. রফিকুল ইসলাম, সজিব ঘোষ, বিধান বিশ্বাস।










