তামিল অভিনেতা অজিত কুমারের রয়েছে নানামুখী প্রতিভা। কিছুদিন আগে তিনি মোটরসাইকেল নিয়ে তার আগ্রহের কথা জানিয়েছিলেন। তিনি মাঝে মাঝেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন আর লম্বা ট্যুরে যান। এবার এ কাজকে আরো বড় পরিসরে নিয়ে যাচ্ছেন অজিত। একে মোটো রাইড নামে তিনি নতুন কোম্পানি শুরু করতে যাচ্ছেন। এটি একটি ট্যুরিং কোম্পানি, যা গ্রাহকদের নানা অঞ্চল ঘোরাবে। অজিত আপাতত অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন এবং সে অবসরে তিনি নতুন কাজটিতে সময় দেবেন।

অজিত কুমার তার প্রতিনিধির মাধ্যমে সোমবার একটি বিবৃতি দেন। সেখানে বলা হয়, ‘‌আমি একটি কথাই বিশ্বাস করি। জীবন একটি দারুণ সুন্দর যাত্রা। সে যাত্রায় আসা বিস্ময়, বাঁক ও দূরের পথগুলোকে গ্রহণ করা উচিত। আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার শখকে আমি পেশায় বদলানোর সিদ্ধান্ত নিয়েছি। একটি মোটরসাইকেল ট্যুরিং কোম্পানির মাধ্যমে কাজটি করা হবে। নাম হবে একে রাইড।’

অজিত কুমারের এ বিবৃতিতে আরো জানানো হয়েছে, যারা মোটরসাইকেল রাইড নিয়ে আগ্রহী বা অ্যাডভেঞ্চারে ইচ্ছুক, তাদের সেবা দেয়া হবে। কেবল ভারতের নানা জায়গা নয়, এতে অন্তর্ভুক্ত হবে বিশ্বের অন্য নানা অঞ্চল। তবে যাত্রার ক্ষেত্রে আরাম ও নিরাপত্তার দায়িত্ব নেবে কোম্পানিটি। তারা দারুণ সব বাইকের ব্যবস্থা করে দেয়ার পাশাপাশি পেশাদার গাইডেরও বন্দোবস্ত করবে। এ গাইডরা পথ প্রদর্শক হওয়ার পাশাপাশি ট্যুরের অঞ্চলের প্রকৃতি, সেখানকার মানুষের ইতিহাস, রীতিনীতি সম্পর্কেও অবগত। অর্থাৎ পূর্ণাঙ্গ ট্যুর গাইড।

সিনেমা ছেড়ে দিচ্ছেন না অজিত কুমার। এ বছর তাকে দেখা গিয়েছিল পরিচালক এইচ বিনোদের ‘‌থুনিভু’তে। এটি তামিলে সর্বোচ্চ আয় করা সিনেমায় পরিণত হয়। এরপর তিনি মেগি থিরুমেনির সঙ্গে পরের সিনেমায় কাজ করবেন। প্রজেক্টের কোনো নাম এখনো নির্ধারণ হয়নি। এছাড়া ভিগনেশ শিবানের সঙ্গেও তার কাজ করার কথা ছিল। তবে মতপার্থক্যের কারণে সিনেমাটি বাতিল হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে