দিন গুনছেন দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য সুগা। সবকিছু ঠিক থাকলে ২১ এপ্রিল তার প্রথম একক অ্যালবাম মুক্তি পাবে। ‘ডি-ডে’ শিরোনামের অ্যালবামটি নিয়ে উত্তেজনায় দিন কাটাচ্ছেন তিনি। সুগার উত্তেজনাকে বাড়িয়ে দিয়ে তাকে নিজেদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিল এনবিএ। ৬ এপ্রিল এ-সংক্রান্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার ৩০টি বাস্কেটবল টিমের সমন্বয়ে গঠিত ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন।
এনবিএর ডেপুটি কমিশনার ও চিফ অপারেটিং অফিসার মার্ক ট্যাটাম বলেন, ‘সুগার সঙ্গে কাজ করতে আমরা উদগ্রীব হয়ে আছি। তাকে ঘিরে বিশ্বব্যাপী ভক্তদের তুমুল উত্তেজনা আছে। আমাদের ব্র্যান্ডকে আরো ছড়িয়ে দিতে আমরা সেটিকে কাজে লাগাতে চাই।’
এনবিএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আনন্দিত সুগা। তিনি বলেন, ‘তরুণ বয়স থেকেই সংগীত ও বাস্কেটবল আমার দুটি আবেগের বিষয়। আর এনবিএর অ্যাম্বেসেডর হিসেবে নাম ঘোষিত হওয়া তো স্বপ্নের মতো একটি ব্যাপার।’ এনবিএর সঙ্গে দারুণ কিছু কাজ করার পরিকল্পনা করছেন সুজা। ভক্তদের শিগগিরই তা জানাতে পারবেন বলে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে সুজা বলেন, ‘এনবিএর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে আমি উল্লসিত। আগামী দিনগুলোয় এ বাস্কেটবল লিগের সঙ্গে চমৎকার কিছু করার পরিকল্পনা আছে আমার। এর জন্য আমি মুখিয়ে আছি।’
এনবিএর চলতি সিজন থেকেই সারা বিশ্বের বাস্কেটবলপ্রেমীদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুগা। লিগের অনেক উদ্যোগে অংশ নেবেন তিনি। সেগুলো একযোগে এনবিএ ও সুগার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হবে। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও এশিয়ায় এনবিএ গেমস ও ইভেন্টে তাকে দেখা যাবে। পাশাপাশি লিগের প্রচারকাজেও অংশগ্রহণ করবেন এ বিটিএস সদস্য। এর আগে গত সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত এনবিএ গেমসে সুগাকে দেখা গিয়েছিল। গত ১২ জানুয়ারি লস অ্যাঞ্জেলেস লেকারস গেমেও তিনি দর্শক সারিতে ছিলেন।
সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা










