পাঁচ বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন বদরুল আনাম সৌদ। মুক্তির অপেক্ষায় তার ‘শ্যামা কাব্য’ সিনেমাটি। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে বদরুল আনাম সৌদ সিনেমাটি নির্মাণ করেছেন। চলতি বছরেই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। এবার এল শ্যামা কাব্য সিনেমার টিজার। এর টিজারে দেখা গিয়েছে সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলাকে। দুজনকেই ভিন্নভাবে দেখা গেছে ২৯ সেকেন্ডের এ টিজারে। নির্মাতা সৌদ জানান, সিনেমাটি আগামী নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শ্যামা কাব্য দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রিমিয়ার হতে যাচ্ছে। প্যারিসের গঁজ সুর সেইন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে সিনেমাটি। আয়োজনটি মূলত দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে। আগামী ৫ অক্টোবর শুরু হবে চলচ্চিত্র উৎসবটি। চার দিনব্যাপী উৎসবের শেষদিন আগামী ৮ অক্টোবর স্থানীয় সময় বিকাল ৪টায় প্রদর্শিত হবে শ্যামা কাব্য। 

মুক্তির অপেক্ষায় থাকা শ্যামা কাব্য নিয়ে জানতে চাইলে নির্মাতা বদরুল আনাম সৌদ বলেন, ‘এটা একটা সাইকোলজিক্যাল সিনেমা। আমরা বাণিজ্যিক সিনেমাগুলো যেমন দেখে আসছি তার থেকে ভিন্ন শ্যামা কাব্য। সিনেমাটি দর্শকের ভালোবাসা পাক, এটাই এখন আমাদের শ্যামা কাব্য টিমের কামনা। যখন সিনেমা নির্মাণ করা হয় কিংবা যখন কোনো বই লেখা হয়, তখন লেখক বা নির্মাতা চান সর্বোচ্চসংখ্যক মানুষের কাছে তার নির্মাণ পৌঁছে যাক। আমিও এর ব্যতিক্রম নই।’ 

২০১৭ সালের ২৯ ডিসেম্বর বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ মুক্তি পায়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান সৌদ। পাঁচ বছর পর আবারো সরকারি অনুদানের ছবি শ্যামা কাব্য নির্মাণ করছেন তিনি। সিনেমাটির একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন সোহেল মণ্ডল। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে সোহেল মণ্ডলের সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা এটি। এ সিনেমায় অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছিলেন সোহেল। আসন্ন সিনেমাটি নিয়েও আশাবাদী তিনি।

শ্যামা কাব্য নিয়ে সোহেল মণ্ডল বলেন, ‘‌এটা দম্পতির গল্প। একটা সম্পর্কের গল্প, যেখানে নানা টানাপড়েন আছে। সে টানাপড়েন থেকে নানা সমস্যা তৈরি হয়। যার বড় অংশ ছেলেটির মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা। এসব নিয়েই এগিয়ে যাবে সিনেমাটি।’

এতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, নীলাঞ্জনা নীলা, এ কে আজাদ সেতু। এ সিনেমার মধ্য দিয়েই জনপ্রিয় নাট্যাভিনেত্রী নওরীন হাসান খান জেনির সিনেমায় অভিষেক হলো। এতে তার বিপরীতে থাকছেন গুণী অভিনেতা ইন্তেখাব দিনার। ‘শ্যামা কাব্য’ সিনেমায় নিতু চরিত্রে দেখা যাবে জেনিকে, অন্যদিকে ওসমান চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। প্রথমবার সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে জেনি বলেন, ‘কিছু পরিচালক আছেন, যারা শিল্পীদের দেখিয়ে দেন যে তিনি এটা বা ওটা চাচ্ছেন। আর সৌদ ভাই এমনই একজন পরিচালক তিনি শিল্পীর কাছ থেকে কী চাচ্ছেন তা বলবেন না, তবে তিনি বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন একটি চরিত্রের গবেষণার মধ্য দিয়ে, যে চরিত্রটি এ রকম। সৌদ ভাইয়ের স্ক্রিপ্টে কাজ করতেও ভীষণ ভালো লাগে, এর আগেও তার স্ক্রিপ্টে আমি নাটকে অভিনয় করেছি। তবে সিনেমায় আমার অভিষেক ও তার পরিচালনায়ও প্রথম। দিনার ভাই সহজাতভাবে একজন ভালো অভিনেতা। তার সঙ্গে আমি বহু নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ।’

পরিচালনার পাশাপাশি শ্যামা কাব্যর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।