গত মাসেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার নায়ক আদর আজাদ। সিনেমার নাম ‘লিপস্টিক’। এতে তার বিপরীতে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের অভিনয়ের কথা ছিল। তবে মাস ঘুরতেই নায়িকা বদল হয়েছে। এতে দর্শনার বদলে ঢাকার পূজা চেরিকে দেখা যাবে আদরের বিপরীতে। সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। 

সম্প্রতি ‘লিপস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানান দিয়েছেন পূজা নিজেও। লিপস্টিক সিনেমায় সিনেমার নাম মেনশন করে একটি পোস্ট করেন তিনি। 

নতুন এ সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে পূজা চেরি বলেন, ‌‌‘‌অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি আমি। তবে কোনোটাই আমাকে টানেনি। লিপস্টিক সিনেমাটার গল্প আমার ভালো লেগেছে। মনে হয়েছে, আমাকে নতুনভাবে দেখবে দর্শক। তাই কাজ করতে যাচ্ছি।’ 

নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, ঈদের পর সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার। ঢাকা ও ভোলায় দৃশ্য ধারণের কাজ হবে।

লিপস্টিক আদর-পূজা জুটির দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে। এর আগে জুটিবদ্ধ হয়ে ‘নাকফুল’ সিনেমায় অভিনয় করেছেন। আলোক হাসান পরিচালিত সিনেমাটি বর্তমানে রয়েছে মুক্তির অপেক্ষায়।

গত বছর সৈকত নাসির পরিচালিত ‘‌তালাশ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আদর আজাদের।