গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। যার ফলাফলে স্থগিত হয়েছে তার অতিপ্রত্যাশিত বিশ্ব সফর। খবর বিবিসি।

এই তারকার মুখপাত্র জানান, সংক্রমণের ধরন বেশ গুরুতর। তাকে আইসিইউ পর্যন্ত যেতে হয়েছে। আশার করা হলো, চিকিৎসায় ম্যাডোনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

৬৪ বছর বয়সী ম্যাডোনার আগামী মাসে ৮৪ কনসার্টের সফর শুরুর কথা ছিল।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

নিজের প্রথম রেকর্ড সৃষ্টিকারী সিঙ্গেল ‘হলিডে’ প্রকাশের ৪০তম বার্ষিকী উদযাপনে এই সফরের আয়োজন করেছেন ম্যাডোনা।

আগামী ১৫ জুলাই কানাডার ভ্যাঙ্কুভারে সফর শুরুর কথা ছিল, সে অনুযায়ী শেষ শো ছিল ৩০ জানুয়ারি মেক্সিকো সিটিতে। কিন্তু ম্যাডোনার ম্যানেজার বলছেন, গত ২৪ জুন গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়ে। তাই সব শো স্থগিত করা রয়েছে।

গত কয়েক দশকে ম্যাডোনা বেশ কয়েকটি আইকনিক হিট উপহার দিয়েছেন। যেমন; ইনটু দ্য গ্রুভ (১৯৮৫), লাইক এ প্রেয়ার (১৯৮৯), ভোগ (১৯৯০) ও হাং আপ (২০০৫)।

২০০৯ সালে স্টিকি অ্যান্ড সুইট ট্যুর শেষে সংগীত সফরে সর্বাধিক উপার্জনকারী গায়িকা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ম্যাডোনা।

ফোর্বস সাময়িকী যুক্তরাষ্ট্রের ৪৫তম ধনী সেলফ-মেইড নারী ম্যাডোনা। যেখানে বলা হয়, তার আনুমানিক সম্পদ ৫৮ কোটি ডলার ও ট্যুর থেকে আয় করেছেন আনুমানিক ১২০ কোটি ডলার।