হুলুর সিরিজ ‘দ্য স্পট’। এতে কেট উইন্সলেটের অভিনয় করার কথা। সম্প্রতি জানা গেল, তিনি থাকছেন না সিরিজটিতে। বিষয়টি প্রথম জানিয়েছিল ডেডলাইন। এরপর ভ্যারাইটি নিশ্চিত করেছে অভিনেত্রী আসলেই থাকছেন না এ সিরিজে।

দ্য স্পটের পরিকল্পনা ২০২৪ সালে ঘোষণা হয়েছিল। সেখানে কেট উইন্সলেট সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করার কথা। পাশাপাশি তার প্রযোজনা প্রতিষ্ঠান জাগল প্রডাকশনের ব্যানারে নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত থাকার কথা ছিল। অভ্যন্তরীণ বিষয়ে জ্ঞাত এক ব্যক্তি নাম প্রকাশ না করে গণমাধ্যমকে জানিয়েছেন, সিরিজের সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের কারণে সৃষ্ট মতভেদের জেরে উইন্সলেট এ সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন।

সিনেমায় কেটের অভিনয়, প্রভাব ও সাফল্য সবারই জানা। গত কয়েক বছরে টেলিভিশনেও তিনি ছিলেন সফল। তিনি সম্প্রতি এইচবিওর লিমিটেড সিরিজ ‘দ্য রেজিম’-এ অভিনয় করেছেন। এর আগে তিনি এইচবিওর আরেকটি লিমিটেড সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এ অভিনয় করেছিলেন। এর মাধ্যমে লিমিটেড সিরিজে সেরা অভিনেত্রীর জন্য এমি অ্যাওয়ার্ড জিতেছিলেন। ২০১১ সালেও তিনি এইচবিও সিরিজ ‘মিলড্রেড পিয়ার্স’-এ অভিনয়ের জন্য একই বিভাগে এমি জিতেছিলেন।

সিরিজটির গল্প সম্পর্কে বলা হয়েছে, এটি এক সার্জন ও তার স্বামীর গল্প। একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সার্জনের স্বামীর সন্দেহ হয় এর পেছনে সার্জনেরই হাত আছে। তখন সত্য খোঁজার চেষ্টায় এ দুজনের সম্পর্ককে জটিল করে তোলে। অপরাধবোধ আর বিশ্বাসঘাতকতার মিশ্রণে এক জটিল গল্প নিয়ে দ্য স্পট।

বর্তমানে তার পরিবর্তে অন্য কোনো অভিনেত্রীকে কাস্ট করার বিষয়ে আলোচনা চলছে। সিরিজটি লেখার পাশাপাশি এর নির্বাহী প্রযোজক এড সলোমন। সিরিজটির প্রডাকশন ২০২৬ সালে শুরু হওয়ার কথা। সলোমন সম্প্রতি স্টিভেন সোডারবার্গের সঙ্গে ম্যাক্সের সিরিজ ফুল সার্কেলের সহনির্মাতা ছিলেন। এর আগে তারা একসঙ্গে নো সাডেন লাভ (সিনেমা) ও মোজাইক-এ (সিরিজ) কাজ করেছেন।

সূত্র: ভ্যারাইটি