সিক্যুয়েল যে এবার প্রথম করেছেন সানি
দেওল, এমন নয়। আবার ইয়ামলা পাগলা দিওয়ানা বা ঘায়েলের পরবর্তী কিস্তি যে খুব একটা সফল,
তাও নয়। তবে সবকিছু তছনছ করে এগিয়ে যাচ্ছে ‘গাদার টু’। এ সাফল্যে অনুপ্রাণিত হয়ে নিজের
আরেক হিট সিনেমার সিক্যুয়েল নিয়ে ভাবছেন ধর্মেন্দ্র-পুত্র।
২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত
ছবি ‘গাদার’। ভারতের তারা সিংহ ও পাকিস্তানের সাকিনার প্রেমকাহিনি ওই সময় তুমুল সাড়া
জাগায়। সেই কাহিনির সরাসরি সিক্যুয়েল সাম্প্রতিক ‘গাদার টু’। মুক্তির দ্বিতীয় শুক্রবারে
সিনেমাটি ৩০০ কোটি রুপির ক্লাবে পা রেখেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সাম্প্রতিক
সাফল্যের পর জিপি দত্তের হিট সিনেমা ‘বর্ডার’-এর দিকে চোখ সানির। এ সিনেমার গল্প সীমান্ত
সংঘাত নিয়ে। শোনা যাচ্ছে, ‘গাদার টু’র মতো এ ছবির প্রেক্ষাপটও ১৯৭১ সালের ভারত ও পাকিস্তান
পরিস্থিতি।
এও শোনা যাচ্ছে গত দু-তিন বছর ধরে ‘বর্ডার’
সিক্যুয়েল নিয়ে ভাবছিলেন নির্মাতারা। এখন সেই পরিকল্পনায় সায় দিয়েছেন সানি দেওল। শুরু
হচ্ছে চিত্রনাট্যের কাজও। আর সব ঠিকঠাক থাকলে শিগগিরই ‘বর্ডার টু’র ঘোষণা আসবে।
১৯৯৭ সালে মূল ছবিতে আরো ছিলেন সুনীল
শেঠি ও জ্যাকি শ্রফের মতো অভিনেতারা। ধারণা করা হচ্ছে, এবারের পর্বে নতুন প্রজন্মের
তারকারা যোগ হবেন।










