বাংলাদেশে ওটিটি জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে। টেলিভিশন নাটক, বাণিজ্যিক সিনেমার পাশাপাশি গত কয়েক বছরে ইউটিউবের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু প্রতিযোগিতার মধ্যে কাজের বৈচিত্র্যে এগিয়ে থাকছে ওটিটি। তাই ঈদেও বিচিত্র কনটেন্ট নিয়ে এসেছে দেশের প্রতিটি ওটিটি প্লাটফর্ম। বায়োস্কোপ, বঙ্গ, চরকি, টফির পাশাপাশি হইচইও ঈদ উপলক্ষে আয়োজন নিয়ে হাজির হয়েছে।
গত বছরের মতো এবারো বঙ্গ নিয়ে এসেছে বঙ্গ বেজড অন বুক বা ‘বঙ্গ বব’। সাহিত্যনির্ভর সাতটি টেলিফিকশন নিয়ে এ আয়োজন। এর মধ্যে ঈদের দিন প্রচারিত হয়েছে ‘এক অলৌকিক বিকেলের গল্প’। সৈয়দ মনজুরুল ইসলামের ‘অন্ধকার ও আলো দেখার গল্প’ থেকে টেলিফিকশনটি নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। টেলিফিকশনটি দর্শকদের প্রশংসা লাভ করেছে। বিশেষত ফজলুর রহমান বাবু ও ফেরদৌস হাসান নেভিলের অভিনয় নজর কেড়েছে। তবে ‘প্রায়শ্চিত্ত’ আরো বেশি প্রশংসা পেয়েছে। বর্তমান সময়ের জনপ্রিয় লেখক ওবায়েদ হকের গল্প থেকে ভিকি জাহেদ নির্মাণ করেছেন প্রায়শ্চিত্ত। নিশো-জাহেদ জুটি বরাবরই দর্শকের পছন্দ তালিকার শীর্ষে থাকে।
রাহিতুল ইসলামের ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’
অবলম্বনে মেহজাবিন চৌধুরী অভিনীত ‘ফ্রিল্যান্সার নাদিয়া’
প্রচারিত হলো ঈদের তৃতীয় দিন। বঙ্গ ববের আরো চারটি টেলিফিকশন আসবে। এর মধ্যে ইমদাদুল হক মিলনের গল্প ও চিত্রনাট্যে ইয়ামিন হক ববিকে দেখা যাবে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘সুরভি’
টেলিফিকশনে অভিনয় করেছেন তিনি। প্রথম দুটি পর্ব দেখে দর্শকরা এ সিরিজের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে।
২১টি শর্টফিল্ম নিয়ে বায়োস্কোপের আয়োজনের নাম ‘বাইশে একুশ’। অর্থাৎ বাইশের ঈদে একুশটি গল্প। প্রতিদিন প্রচারিত হচ্ছে তিনটি শর্টফিল্ম। এর মধ্যে প্রথম দিন ছিল তাসনুভা তিশার অভিনয় ও তৌহিদ তালুকদারের পরিচালনায় ‘বেবি’, আবুল হায়াতের অভিনয়ে ‘ফাউন্টেন পেন’ ও এম এ তৌফিকের পরিচালনায় ‘নুডলস’। এর মধ্যে দর্শকরা ফাউন্টেন পেন ও বেবি পছন্দ করেছে। সোশ্যাল মিডিয়ায় এ দুটো নিয়েই আলোচনা হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন এসেছে ‘আক্ষেপ’, ‘অথবা গল্পটা প্রেমের’ ও ‘বস’। তৃতীয় দিন প্রচারিত হলো ‘গায়ে হলুদ’, ‘হেল’ ও ‘ভ্রম’। বাইশে একুশ আয়োজনে আগামী চারদিনের প্রতিদিন তিনটি করে শর্টফিল্ম প্রচারিত হবে।
ভিন্ন ধরনের একটি কাজ করেছে ওটিটি প্লাটফর্ম বিঞ্জ। মোশাররফ করিমকে দেখা গেছে আইজ্যাক লিটন নামের একটি চরিত্রে। ‘আইজ্যাক লিটন’
নামে সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বিপরীতে ছিলেন অর্চিতা স্পর্শিয়া। স্যাটায়ার, কমেডি, থ্রিল মিলেমিশে সিরিজটি দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করেছে। তবে মোশাররফ করিম অভিনীত ‘দৌড়’ প্রশংসিত হয়েছে সবচেয়ে বেশি। হইচই প্রচারিত সিরিজটির নির্মাতা রায়হান খান। মোশাররফ করিমের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
ট্র্যাভেল শো ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’
চলছে চরকিতে। ঈদ উপলক্ষে ওটিটি প্লাটফর্মটি নিয়ে এসেছে ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’। সিনেমা জগতের আলো অন্ধকার নিয়ে থ্রিলারটি নির্মাণ করেছেন রায়হান রাফি। অভিনয় করেছেন শবনম বুবলী, তমা মির্জা, রাজ মানিয়া, সুমন আনোয়ার ও শাহরিয়ার নাজিম জয়। ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশের সময় থেকেই দর্শকরা আগ্রহ প্রকাশ করতে থাকে। মুক্তির পরও সে আগ্রহে ভাটা পড়েনি। জয়ের চরিত্রটিতে ভিন্নতা এনে রায়হান রাফি দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন।
সিনেমার অন্যতম ঠিকানা এখন ওটিটি। আর সে যাত্রায় বায়োস্কোপও পিছিয়ে নেই। তারা এনেছে ‘মুখোশ’, ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’। অন্যদিকে ওটিটি প্লাটফর্ম টফি এনেছে ‘মৃধা বনাম মৃধা’। গুনিনের ওটিটি মুক্তির পাশাপাশি চরকিতে থাকছে ক্ল্যাসিক কিছু সিনেমা। মোটের ওপর বলা চলে ওয়েব ফিল্ম, শর্টফিল্ম ও সিরিজ নিয়ে জমকালো ঈদ আয়োজন নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের ওটিটি প্লাটফর্মগুলো।










