বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন যেন সবসময়ই প্রমাণ করছেন তিনিই সেরা! অভিনয়ে দক্ষতা, গ্ল্যামার লুক অথবা ফ্যাশন স্টেটমেন্ট যা-ই বলা হোক না কেন প্রতিটি ক্ষেত্রেই এ অভিনেত্রী বলিউডের এক উদাহরণ। সম্প্রতি আরো একবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাবের প্রমাণ দিলেন বলিউডের সেরা অভিনেত্রী হিসেবে গ্লোবাল অ্যাচিভার’স অ্যাওয়ার্ড ২০২১ অর্জনের মাধ্যমে।
আন্তর্জাতিক ডিজিটাল মিডিয়া অঙ্গন গ্লোবাল অ্যাচিভার’স অ্যাওয়ার্ড ২০২১ বিজয়ীদের নাম ঘোষণা করে। প্রতিশ্রুতিশীল, দূরদর্শী, উদ্ভাবক ও বিভিন্ন সেক্টরের উদ্যোক্তা হিসেবে সেরা সংগঠক ও সম্মানীয় ব্যক্তিদের এ পুরস্কার দেয়া হয়। চলতি বছর এ অ্যাওয়ার্ডের জন্য তিন হাজার প্রার্থীকে বিবেচনায় নেয়া হয়। যেহেতু প্রত্যেক মনোনীত প্রার্থী তাদের নিজস্ব ক্ষেত্রে সফল ছিলেন, তাই বিচারকরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রার্থীদের একটি শর্টলিস্ট করেন। বলিউড অভিনেত্রীদের মধ্যে একমাত্র দীপিকাই এ অ্যাওয়ার্ড জিতেছেন। এবারের বিজয়ীদের তালিকায় আছে বারাক ওবামা, জেফ বেজোস ও ক্রিস্টিয়ানো রোনালদোর নামও।
বলা চলে রাম লীলা, তামাশা, পদ্মাবতীসহ বিভিন্ন সিনেমায় কঠোর পরিশ্রম ও অভিনয় দক্ষতার জন্য ভারতীয় সেরা অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি। এমনকি ফ্যাশন জগতেও এগিয়ে রয়েছেন এ অভিনেত্রী।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যেও ছিল দীপিকার নাম। তিনি ছিলেন ওই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী। এর ঠিক পরের বছরেই মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য ২৬তম বার্ষিক ক্রিস্টাল অ্যাওয়ার্ডে ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে জেতেন ডাবোস ২০২০ পুরস্কার।
এছাড়া এ অভিনেত্রীর রয়েছে আরো অর্জন। ২০১৫ সালে মানসিক স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে তৈরি করেন ‘লাইভ লাভ লাফ’। যেখানে এ অভিনেত্রীর জোরালো কণ্ঠ বিশ্বব্যাপী সাড়া ফেলে।
২০১২ সালের বক্স অফিস হিট ককটেল পাড়ুকোনের কর্মজীবনের সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত, যা তাকে সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি বিভিন্ন পুরস্কারের আসরে সেরা অভিনেত্রীর মনোনয়ন এনে দিয়েছে।
সূত্র: ডিএনএ










