মারা গেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র সদস্য তাপস দাস। ‘বাপিদা’ সম্বোধনে পরিচিতি এই গায়ক দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। আজ রোববার (২৫ জুন) দুপুর নাগাদ হার মানলেন তিনি।

ক্যান্সারের তৃতীয় স্টেজে ছিলেন তাপস। গত জানুয়ারিতে আকস্মিক এই খবর জানান গায়ক রুপম ইসলাম। অর্থাভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারছিলেন না একটা সময়। সম্প্রতি তার পাশে দাঁড়ান কলকাতা-ঢাকার শিল্পীরা। ঢাকায় কয়েকদিনের মধ্যে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শিল্পীর অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি চিকিৎসার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তিও করানো হয়। সেখানে চলছিল কেমোথেরাপি।

অসুস্থতার মুহূর্তেও সংগীত ছাড়েননি তাপস। কয়েক মাস আগেও মঞ্চে উঠে গান পরিবেশন করেন। নাকে-মুখে নল লাগানো অবস্থায় শুনিয়েছিলেন ‘ভালোবাসো’ গানটি।

এক সময় তার কণ্ঠে শ্রোতারা মুগ্ধ হয়ে শুনেছিল পৃথিবীটা নাকি, আমার প্রিয় ক্যাফে, তোমায় দিলাম, মানুষ চেনা দায়, তাকে তাড়াই যত দূরে, ভালোবাসি, ঘরে ফেরার গানের মতো অনেক কালজয়ী গান।

পশ্চিমবঙ্গের প্রথম রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’ প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। দুই প্রজন্ম পরও এই ব্যান্ডের গানগুলো জনপ্রিয়। এর মাঝেই একে একে হারিয়ে গেছেন ব্যান্ডটির বেশির ভাগ সদস্য।