যানজটে আটকে পড়েছিলেন জনি ডেপ। তাই প্রেস কনফারেন্সে পৌঁছতে ৪০ মিনিট দেরি হয়। অবশেষে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের প্রেস কনফারেন্সে হাজির হলেন জনি ডেপ। আসন্ন ‘জ্যঁ দ্যু ব্যারি’ সিনেমা ও ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন হলিউডের প্রথম সারির এ অভিনেতা। গত তিন বছরের মধ্যে ‘জ্যঁ দ্যু ব্যারি’ সিনেমায় প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন জনি ডেপ। স্বাভাবিকভাবেই তা ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। সিনেমাবোদ্ধাদের আগ্রহেরও কোনো কমতি নেই। 

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই নিয়ে দীর্ঘ সময় আলোচনা ও সমালোচনার মাঝে ছিলেন জনি ডেপ। স্বভাবতই এ সময় অভিনয়ের বাইরে ছিলেন তিনি। ফিরলেন নতুন করে, তাও সরাসরি কানে। এর মধ্যে আছে নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও। হলিউডের সিনেমায় তার এ দীর্ঘ বিরতি নিয়ে প্রেস কনফারেন্সে মিশ্র প্রতিক্রিয়া জানান জনি ডেপ। 

হলিউড কর্তৃক বয়কটের কোনো অনুভূতি তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর দেন তিনি। বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘হলিউড কর্তৃক বয়কট হওয়ার কোনো অনুভূতি আমার নেই। কারণ আমি হলিউড নিয়ে চিন্তা করি না। এটি একটি অদ্ভুত ও হাস্যকর সময়, যেখানে প্রত্যেকে নিজেদের মতো হওয়ার চেষ্টা করে। কিন্তু তারা তা পারে না। তারা এক বা একাধিক ব্যক্তিকে অনুসরণ করতে বাধ্য হয়। যদি আপনি সে জীবন যাপন করতে চান, তাহলে আপনার জন্য শুভকামনা।’ 

অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি জটিলতার কারণে জনি ডেপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওয়ার্নার ব্রোস। ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’ সিনেমা থেকে সরে যেতে তাকে বাধ্য করা হয়েছিল। তবে খারাপ সময়ে অনেকেই তার পাশে ছিলেন। ফ্রাঞ্চের ফ্যাশন হাউস ‘ডিওর’ তখন এ অভিনেতার পাশে এসে দাঁড়িয়েছিল। জনি ডেপের সঙ্গে প্রতিষ্ঠানটি ২ কোটি ডলারের বেশি অঙ্কে একটি চুক্তি করে। 

প্রেস কনফারেন্সে জনি ডেপ গণমাধ্যম নিয়েও খেদ প্রকাশ করেন। তিনি জানান, গণমাধ্যমের প্রতি তার অবজ্ঞা আছে। অ্যাম্বার হার্ডের সঙ্গে তার আইনি লড়াই ও হলিউডে তার অনুপস্থিতি নিয়ে গণমাধ্যমগুলো অতিরঞ্জিত প্রতিবেদন করেছে বলে জানান এ অভিনেতা। তিনি বলেন, ‘আপনারা যা পড়েছেন, তার অধিকাংশই কল্পনাপ্রসূত ও ভয়ঙ্কর অতিরঞ্জিতভাবে লিখিত ফিকশন। বিষয়টি হলো এমন, আপনি কাউকে প্রশ্ন করছেন “তুমি কেমন আছ?” কিন্তু এর আড়ালে আপনি আসলে বলতে চাইছেন, “আমি আপনাকে ঘৃণা করি।”’

অভিনয়ে তার প্রত্যাবর্তন ঘটেছে, প্রেস কনফারেন্সের এমন মন্তব্যকে তিনি বাতিল করে দেন। তিনি বলেন, ‘প্রত্যাবর্তন শব্দটি আমার পছন্দ নয়। আমি তো কোথাও যাইনি।’

এ কথা অবশ্য ঠিক। জনি ডেপ সবার চোখের সামনেই ছিলেন। অ্যাম্বারের অভিযোগের বিপরীতে নিজের সত্যতা তিনি প্রমাণে করেছেন লড়াই। তার মাঝেই সিনেমা নিয়েও কাজ করতে চেয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিই বরং তাকে সাহায্য করেনি। এবার স্বরূপে আবির্ভূত হতে যাচ্ছেন এ অভিনেতা। কান থেকেই শুরু হলো তা।

সূত্র: ভ্যারাইটি