লা লা ল্যান্ড ও বেবিলনের পরিচালক ড্যামিয়েন চ্যাজেল এবার পা বাড়াচ্ছেন ভিন্ন ধারায়। গুঞ্জন উঠেছে প্রিজন-ড্রামা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। তবে সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সে সিনেমায় মুখ্য ভূমিকায় থাকবেন দুই জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ ও সিলিয়ান মারফি।
সিনেমাটি প্রযোজনা করবেন চ্যাজেল ও তার স্ত্রী অলিভিয়া হ্যামিল্টন। চ্যাজেল ও অলিভিয়ার নিজস্ব প্রডাকশন হাউজ ‘ওয়াইল্ড চিকেনস প্রডাকশনস’-এর ব্যানারেই মুক্তি পাবে সিনেমাটি। পরিবেশনার দায়িত্বে রয়েছে প্যারামাউন্ট পিকচার্স।
এখন পর্যন্ত শিরোনামহীন এ সিনেমা বেশ রহস্য তৈরি করে নিয়েছে হলিউডের সিনেমা পাড়ায়। ‘সলিটারি কনফাইনমেন্ট’র মতো গোপন রাখা হয়েছে এ সিনেমার কাহিনী। তবে কিছু সূত্র জানিয়েছে, এটি একটি "টু-হ্যান্ডার অর্থাৎ কাহিনী মূলত দুই চরিত্রকেন্দ্রিক এবং একটি জেলখানার পটভূমিতে রচিত হচ্ছে এর চিত্রনাট্য।
ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষদিকে এর শুটিং শুরু হবে।
চ্যাজেলের আসন্ন প্রজেক্টে মুখ্য ভূমিকার একটিতে অভিনয় করার কথা রয়েছে ড্যানিয়েল ক্রেইগের। ড্যানিয়েল ২০২১-এর ‘নো টাইম টু ডাই’ দিয়ে তার জেমস বন্ড অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়েছেন। বর্তমানে তার তৃতীয় বেনোয়া ব্ল্যাঙ্ক মিস্ট্রি ‘ওয়েক আপ ডেড ম্যান’ মুক্তির অপেক্ষায় আছে।
অন্যদিকে ‘ওপেনহেইমার’ সিনেমায় জে রবার্ট ওপেনহেইমারের ভূমিকায় অস্কার জিতে নেয়া সিলিয়ান মারফিও চ্যাজেলের আপকামিং চলচ্চিত্রে মুখ্য ভূমিকায়ই থাকছেন।
পরিচালক চ্যাজেলের পোর্টফোলিওতে এ সিনেমা ভিন্নমাত্রা যোগ করতে যাচ্ছে। কিছু মাস আগেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন একটি এভেল নিভেল বায়োপিকের শুটিংয়ের জন্য। সেখানে মূল চরিত্রে অভিনয় করার কথা ছিল হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিওর।
চ্যাজেল ও ডিক্যাপ্রিও এ প্রিজন-প্রজেক্ট নিয়েই কাজ করছিলেন, পরে তারা নিভেল বায়োপিকে মনোনিবেশ করেন। তবে শেষ মুহূর্তে ডিক্যাপ্রিও সেখান থেকে সরে আসেন এবং বেছে নেন মার্টিন স্করসেসির সঙ্গে আরো একটি কাজ করার সুযোগ।










