বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’। আজ সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাটের ৩৭তম প্রযোজনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস এটি। সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তত্কালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান ‘খোয়াবনামা’। এ গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপুণ হাতে।

কাত্লাহার বিলের ধারে ঘন জঙ্গল সাফ করে বাঘের ঘাড়ে জোয়াল চাপিয়ে আবাদ শুরু করার দিনের এক বিকাল বেলায় মজনু শাহর মহাস্থান গড়ের দিকে যাওয়ার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেপাই সর্দার টেলারের গুলিতে মারা পড়ে মুনশি বয়তুল্লাহ শাহ। কাত্লাহার বিলের দুই ধারের গিড়িডাঙা ও নিজ গিড়িডাঙার মানুষ সবাই জানে, বিলের উত্তরে পাকুড় গাছে আসন নিয়ে রাতভর বিল শাসন করে মুনশি। সময়ের আবর্তনে বিলের মালিকানা চলে যায় জমিদারের হাতে। মুনশির শ্লোকে শ্লোকে মানুষের স্বপ্নের ব্যাখ্যা করে বেড়ায় চেরাগ আলি ফকির। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

খোয়াবনামায় অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহাসহ অনেকে।