দেশের নাট্যচর্চায় দেড় যুগ ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছে চারুনীড়ম থিয়েটার। সামাজিক দায়বদ্ধতা আর শিল্পচর্চার সমন্বয়ে গড়া এ নাট্যদল তাদের সফল প্রযোজনার মধ্য দিয়ে নাট্যাঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। সে ধারাবাহিকতায় এবার দলটি পৌঁছেছে নতুন এক মাইলফলকে—১০০তম মঞ্চায়নে।

প্রতিষ্ঠার শুরু থেকেই চারুনীড়ম থিয়েটার তাদের প্রযোজনার মাধ্যমে সমাজের নানা জটিলতা, মানুষের সম্পর্ক ও দৈনন্দিন জীবনের গল্পকে মঞ্চে তুলে ধরেছে। ধারাবাহিক এ সাফল্যের ধারায় এবার তারা উদযাপন করছে ১৮ বছরের যাত্রা এবং শততম মঞ্চায়নকে কেন্দ্র করে আয়োজন করেছে বিশেষ নাট্যরঙিন সন্ধ্যা।

এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এতে একসঙ্গে মঞ্চস্থ হবে বিশ্ববরেণ্য রুশ নাট্যকার আন্তন চেখভের তিনটি নাটক—‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ এবং ‘শরতের মেঘ’। তিনটি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত।

আরশোলা নাটকটি টেনেসি উইলিয়ামের দ্য লেডি অব লার্কস্পুর লোশন অবলম্বনে অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এতে অভিনয় করবেন ড. মার্জিয়া আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা ও আশিউল ইসলাম। চেখভের সোয়ান সং অবলম্বনে রূপান্তরিত নানা রঙের দিনে ফুটে উঠবে একজন শিল্পীর আত্মসংগ্রাম ও সামাজিক মূল্যায়নের গল্প। মঞ্চে থাকবেন গাজী রাকায়েত ও গৌতম রায়। চেখভের দ্য বিয়ার অবলম্বনে নির্মিত শরতের মেঘ নাটকটি নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্পকে জীবন্ত করে তুলবে। এতে অভিনয় করবেন সুবর্ণা সাঈদ, শাহরিয়ার মিথুন ও আখন্দ জাহিদ।