সময়ের সঙ্গে বেড়েই চলেছে ওটিটি প্লাটফর্মগুলোর জনপ্রিয়তা। আমাদের দেশের দর্শকের কাছেও এখন জনপ্রিয়তা পাচ্ছে এগুলো। দর্শকের কথা মাথায় রেখেই দেশীয় ওটিটি প্লাটফর্মগুলো প্রতিনিয়ত নতুন কনটেন্ট নিয়ে আসছে। সে ধারাবাহিকতায় ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ আসছে তাদের প্রথম অরিজিনাল কনটেন্ট ‘আমি কী তুমি’। ‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শুক্রবার বিকালে সিরিজটির লুক পোস্টার প্রকাশ হয়েছে। নির্মাতা নিজেই তার ফেসবুকে লুক পোস্টারটি শেয়ার করেছেন। এরই মধ্যে পোস্টারটি নজর কেড়েছে নেটিজেনদের।

এ পোস্টারে এক অন্য রকম মেহজাবীনকে দেখা যাচ্ছে। যেখানে তার চোখেমুখে বিস্ময়। কাজল লেপ্টে চোখের পানি পড়ছে। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় ফুলের বেড়ি। দীর্ঘদিন পর নতুন মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে।

এ নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘‌সব প্রশ্নের উত্তর মিলবে আমি কী তুমি আট পর্বের ওয়েব সিরিজে। যা শিগগির স্ট্রিমিং হবে আইস্ক্রিনে।’

‘আমি কী তুমি’ ওয়েব সিরিজের নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘থ্রিলার ও হররের বাইরে রোমান্স ও ড্রামা বেজ এ কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন। আমরা ১৭ দিন সময় নিয়ে সিরিজটির শুটিং করেছি। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেক ভালো কাজ আছে, যা দর্শক পছন্দ করেছেন। আইস্ক্রিনের যেহেতু প্রথম অরিজিনাল, তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা হোক, এটা মাথায় ছিল।’

মেহজাবীন ছাড়া সিরিজটিতে আরও কারা থাকছেন, তা নিয়ে এখনো কিছু বলছেন না নির্মাতা। এর আগে তার একাধিক নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এছাড়া চলতি বছরে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পায় ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। এতে শ্যামল মওলার বিপরীতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন মেহজাবীন। নতুন ওয়েব সিরিজটিতে কী চমক নিয়ে আসেন তিনি সেটাই দেখার পালা এখন।