সময়ের সঙ্গে বেড়েই চলেছে চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তা। দেশের সীমানা ছাড়িয়ে জনপ্রিয় এ অভিনেতা। সম্প্রতি একাধিক ওটিটি প্লাটফর্মের কনটেন্টে অভিনয় করেছেন এ অভিনেতা। এ কনটেন্টগুলো চঞ্চলের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে ভারতে। নতুন খবর হলো সম্প্রতি কলকাতার ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি। নতুন ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এটি। ‘গণদেবতা’ শিরোনামের এ সিরিজেই দেবু পণ্ডিতের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এতে দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। এছাড়া রয়েছেন কিঞ্জল নন্দ, লোকনাথ দের মতো অভিনেতারা।
ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে কমলেশ্বর জানান, চল্লিশের দশকের গোড়ায় প্রকাশিত গণদেবতা ব্রিটিশরাজ, সে সময়ের গ্রামবাংলার পরিস্থিতি, শিল্প ব্যবস্থার কথা তুলে ধরেছিল। পরে তারাশঙ্করের লেখা ‘পঞ্চগ্রাম’ উপন্যাসটিকে গণদেবতার অংশ হিসেবে ধরা হয়। এ দুটিকে ঘিরে নির্মিত হবে সিরিজটি। ওয়েব সিরিজটির চিত্রনাট্য এখনো চূড়ান্ত না হলেও কাজ অনেকটাই এগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তাদের।
চঞ্চল চৌধুরীর প্রসঙ্গে কমলেশ্বর বলেন, ‘আমার মনে হয়েছে চরিত্রটিতে চঞ্চলকে ভালো মানাবে। বলিষ্ঠ অভিনেতা ছাড়া এ চরিত্র করা সম্ভব নয়। তার সঙ্গে সিরিজটি নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে।’
সাক্ষাৎকারে নির্মাতা আরো জানান, চঞ্চলের সঙ্গে এ নিয়ে তাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। অভিনেতার সঙ্গে শুটিংয়ের দিনক্ষণ নিয়ে কথা চলছে আপাতত। নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ওয়েব প্লাটফর্মে গণদেবতা সিরিজটি মুক্তি পাবে।
এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রাথমিক আলোচনা হয়েছে আমাদের। সব ঠিক থাকলে কাজটা করতে পারি। যদিও চূড়ান্ত আলাপের আগে কিছুই বলা ঠিক না।’
কেবল ওয়েব সিরিজ নয়, কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সৃজিত মুখার্জির সিনেমার মধ্য দিয়েই কলকাতার বড় পর্দায় আসছেন এ অভিনেতা।
কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত। ‘পদাতিক’ শিরোনামের এ সিনেমায় নাম ভূমিকায় থাকছেন চঞ্চল চৌধুরী। চলতি বছরের শুরুতেই কলকাতায় গিয়ে সিনেমাটির শুটিং শেষ করেছেন বাংলাদেশের এ অভিনেতা। গত জানুয়ারিতে মৃণাল সেন হিসেবে চঞ্চলের লুক প্রকাশ পেয়েছিল। যাতে দেখতে অবিকল মৃণাল সেনের মতোই লেগেছিল তাকে। সিনেমাটির পোস্টার গত ১১ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লেখেন, ‘সবসময় শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জির নাম হ্যাশট্যাগে রেখেছেন।
পদাতিকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। তাকে এ সিনেমায় দেখা যাবে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে। পদাতিকে মৃণাল সেনের যৌবনের অংশটির রূপ দেবেন কোরক সামন্ত। মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী। সিনেমাটি মুক্তির তারিখ এখনো জানা যায়নি। কলকাতার আসন্ন সিনেমা ও ওয়েব সিরিজটি দিয়ে চঞ্চল চৌধুরী কী চমক নিয়ে আসেন সেটাই এখন দেখার পালা।










