অরুণা বিশ্বাস বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার পরিচালিত ‘অসম্ভব’ সিনেমাটি নিয়ে। এটি তার পরিচালিত প্রথম সিনেমা, যেটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ অক্টোবর। এ সিনেমার অন্যতম গান ‘শাড়ি’। গানটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা। সিনেমাটি মুক্তির আগে গাজী মাজহারুল আনোয়ারের দুই সন্তান উপল ও দিঠিসহ আরো অন্য কয়েকজন শিল্পীকে সঙ্গে নিয়ে এরই মধ্যে বিএফডিসিতে গানটি উপভোগ করেছেন অরুণা। এ সময় আরো ছিলেন মুজতবা সউদ, জ্যোতিকা জ্যোতি, সুমনা সোমাসহ অনেকে। 

গাজী মাজহারুল আনোয়ারের লেখা এ গানে কণ্ঠ দিয়েছেন অরুণা বিশ্বাস ও চম্পা বণিক। গানটির সুর সংগীত করেছেন অমিত চ্যাটার্জি ও কোরিওগ্রাফি করেছেন আজাদ। গানের দৃশ্যায়নে আছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, একজন শিশুশিল্পীসহ আরো অনেকে।

গানটি প্রসঙ্গে জানতে চাইলে অরুণা বিশ্বাস বলেন, ‘আমাদের চলচ্চিত্রের অভিভাবক, কিংবদন্তি ব্যক্তিত্ব শ্রদ্ধেয় গাজী চাচা বেঁচে থাকতেই তার সঙ্গে গানের প্লট নিয়ে বসেছিলাম। তাকে বুঝিয়ে দিতেই তিনি আমাকে এ চমৎকার কথার গানটি লিখে দিয়েছিলেন। আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু গাজী চাচা নেই আর আমাদের মাঝে। আমার কাছে এটা যে কত কষ্টের একটি বিষয়, তা আসলে ভাষায় প্রকাশের নয়। আমার সিনেমার গল্প শুনে তিনি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন। তার আশীর্বাদকে মাথায় রেখেই এটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস তিনি ওপর থেকেও আমাকে আশীর্বাদ করছেন।’ দিঠি আনোয়ার গানটি প্রসঙ্গে বলেন, ‘আমি গানটি যখন উপভোগ করছিলাম, তখন মনেই হচ্ছিল না যে আব্বু নেই। আব্বু আছেন, থাকবেন, এভাবেই যুগের পর যুগ গানের মাঝে। অরুণা দিদিকে ধন্যবাদ আব্বুর গানটি বিশেষ যত্ন নিয়ে করার জন্য। আমার বিশ্বাস শ্রোতা দর্শকেরও ভালো লাগবে।’ উপল আনোয়ার বলেন, ‘অরুণা দিদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যেদিন তিনি আব্বুর কাছে এসেছিলেন আমি তখন ছিলাম। সে সময়টার কথা বিশেষভাবে মনে পড়ে। গানটি খুব সুন্দর হয়েছে।’

‘অসম্ভব’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আবুল হায়াত, সোহানা সাবা, নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকেই। এছাড়া এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসকে। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। যাত্রা শিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত অসম্ভব সিনেমার শুটিং হয়েছে মানিকগঞ্জে।