গ্যালারি কায়ায় শুরু হয়েছে ১৬ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। ‘স্কেলড আপ’
শিরোনামের প্রদর্শনীটি শুরু হয়েছে ৩১ অক্টোবর। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। টকিজকে বিষয়টি নিশ্চিত করেন গ্যালারির পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী।
১৫ জন শিল্পীর ২৩টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অ্যাক্রেলিক, তেল, প্যাস্টেল, চারকোল এবং মিশ্র পদ্ধতি ব্যবহার করে পেপার ও ক্যানভাসের ওপর শিল্পকর্মগুলো তৈরি করা হয়েছে। যে শিল্পীদের কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছে, তারা হলেন নিতুন কুন্ডু, সমরজিত রায় চৌধুরী, হাশেম খান, হামিদুজ্জামান খান, চন্দ্র শেখর দে, মোহাম্মদ ইউনূস, জামাল আহমেদ, রনজিত দাশ, গৌতম চক্রবর্তী, মোহাম্মদ ইকবাল, আলপ্তগীন তুষার, মাকসুদা ইকবাল নিপা, আশরাফুল হাসান, কামালউদ্দীন ও বিশ্বজিৎ গোস্বামী।
প্রদর্শনীটি গ্যালারি কায়ার ফেসবুক পেজ ও শারীরিক উপস্থিতি—দুইভাবেই উপভোগ করা যাবে।
করোনার প্রাদুর্ভাব শুরুর পর অনেক দিন স্থবির ছিল শিল্পাঙ্গন। জুনের শুরুতে লকডাউন তুলে দিলে ধীরে ধীরে সরব হতে শুরু করে। করোনা পরিস্থিতির মধ্যেও গ্যালারি কায়া তাদের কার্যক্রম চালিয়ে গেছে। জুনে ‘সেলিব্রেটিং নেচার’ শিরোনামে একটি অনলাইন প্রদর্শনীর আয়োজন করে। এরপর সেপ্টেম্বরে গ্যালারিতে আয়োজন করে ‘সেপ্টেম্বর সিলেক্ট’ নামে আরেকটি প্রদর্শনীর।










