বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে ওটিটি প্লাটফর্ম। দর্শকের আগ্রহের কথা ভেবে অনেক তারকাই এখন ওটিটিতে কাজ করছেন। বলিউডের তারকাদেরও ওটিটটিতে কাজের সংখ্যা বাড়ছে। এবার এ তালিকায় যুক্ত হলেন কারিনা কাপুর। ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষের মাধ্যমে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রীর। নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘জানে জান’, এতে দেখা যাবে কারিনাকে। এরই মধ্যে শুক্রবার প্রকাশ হয়েছে ওয়েব ফিল্মের টিজার। কারিনা ছাড়াও এতে অভিনয় করেছেন বিজয় ভার্মা ও জয়দীপ আহলাওয়াত।
টিজারে দেখা যায়, নিয়ন আলোর একটি অন্ধকার ঘরে বসে জানে জান গানটি গাইছেন কারিনা কাপুর। এরপর একে একে জয়দীপ আহলাওয়াত ও বিজয় ভার্মাকেও দেখানো হয়। একই সঙ্গে টিজারে জুড়ে দেয়া হয়েছে কয়েকটি অ্যাকশন দৃশ্য। সব মিলিয়ে কারিনা ভক্তরা প্রশংসা করছেন টিজারটির। জাপানি থ্রিলার উপন্যাস ‘দ্য ডেভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সুজয় ঘোষ। গত বছরই সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা। এর প্রথম টিজার প্রকাশ্যে এনে নেটফ্লিক্স জানিয়েছে, কারিনার জন্মদিন উপলক্ষে ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে জানে জান।
এরই মধ্যে ওটিটিতে পা রেখেছেন বলিউডের মাধুরী দীক্ষিত, জুহি চাওলা ও কাজলের মতো নাইনটিজের জনপ্রিয় নায়িকারা। এবার ওটিটিতে অভিষেকের অপেক্ষায় আছেন কারিনা কাপুর খান। ওয়েব ফিল্ম জানে জানের মূল চরিত্রে দেখা যাবে কারিনাকে। এ সিনেমায় তাকে নতুনভাবে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা। এতে কারিনাকে সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে যে, নিজের প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রাক্তন স্বামীর মৃত্যু লুকানোর চেষ্টা করে। এ নিয়েই এগিয়ে যায় গল্প।
থ্রিলার ফিল্ম ঘিরে ভক্তদের মতো একই রকম উচ্ছ্বসিত নায়িকা। টিজার মুক্তির আগে নিজের ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও প্রকাশ করেন কারিনা। যেখানে নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দর্শকের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী। ওয়েব ফিল্মটির অ্যানাউন্সমেন্ট টিজারে কারিনার পাশাপাশি নজর কেড়েছেন বিজয় ভার্মা, জয়দীপ আহলাওয়াতরাও। পাতাললোক সিরিজের হাতিরাম চৌধুরী ওরফে জয়দীপ আহলাওয়াতকে এ ছবিতে একদম অন্য রকম লুকে দেখবেন দর্শক। আগামী ২১ সেপ্টেম্বর ৪৩ বছর পূর্ণ করে ৪৪-এ পা দেবেন কারিনা কাপুর খান। আগামী ৫ সেপ্টেম্বর ওয়েব ফিল্মটির টিজার আসতে যাচ্ছে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা










