বর্তমানে বলিউডের হার্টথ্রব অভিনেত্রী ও ড্যান্সার নোরা ফাতেহি। তার আইটেম গানগুলোর নাচে মুগ্ধ ভক্তরা। শুধু তার নাচে নয়, বলিউডের এ তারকার স্টাইল ও ফিটনেসেও মুগ্ধ তারা। ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো বিগবসের মাধ্যমে বলিউডে পা রাখা এ অভিনেত্রী কীভাবে এতটা ফিটনেস ধরে রাখেন?
ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিম করেন নোরা। ভক্তদের ফিট রাখার অনুপ্রেরণা জোগাতে প্রতিদিনই তার ওয়ার্কআউটের কিছু ছবি শেয়ার করেন। সেসব ছবিতে যেমন তাকে ফিট দেখা যায়, তেমনি দেখা যায় ফ্যাশনসচেতন। এ দুটোকেই তিনি মানিয়ে চলেন জিমে যাওয়ার সময়।
সম্প্রতি জিম করার পোশাক পরে একটি ছবি শেয়ার করেছেন নোরা। এ ছবিতে সবার নজর কেড়েছে নোরার হাতে থাকা বিশ্বখ্যাত ফরাসি ব্র্যান্ড ক্রিস্টিয়ান ডিওর টোট ব্যাগটি, এ ব্যাগের দাম ৩ লাখ ৮ হাজার রুপি।
২০১৪ সালে বলিউড চলচ্চিত্র রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনসে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে নোরার অভিষেক ঘটে। এরপর তিনি পুরী জগন্নাথের তেলেগু চলচ্চিত্র টেম্পারে একটি আইটেম গানে পারফর্ম করেন। তিনি ইমরান হাশমি অভিনীত ২০১৫ সালের চলচ্চিত্র মি. এক্সে বিশেষ চরিত্রে অভিনয় করেন। এরপর নোরা ফাতেহি একের পর এক ছবিতে আইটেম গানের নাচ দিয়ে ঝড় তুলেছেন। এখন তার স্থান বলিউডের প্রভাবশালী নারী তারকাদের মধ্যে।
সূত্র: এনডিটিভি










