এবার চলচ্চিত্র প্রযোজনায় আসছে টিএম ফিল্মস। নতুন এ চলচ্চিত্র যাত্রায় নির্মাতা হিসেবে থাকছেন রায়হান রাফী ও তানিম রহমান অংশু। টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি মঙ্গলবার রাতে ঘোষণা দেন তাদের আসন্ন সিনেমা দুটি নিয়ে। 

আসন্ন দুই সিনেমা নিয়ে ফারজানা মুন্নি বলেন, ‘‌আমরা জানি, বাংলাদেশের মানুষ চলচ্চিত্রকে কেমন ভালোবাসে। সে ভালোবাসাকে পুঁজি করেই আমরা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য হাতে নিয়েছি। অংশু ও রাফি দুজনই এরই মধ্যে পরীক্ষিত নির্মাতা হিসেবে বড় পর্দায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। টিএম ফিল্মসে তাদের স্বাগত জানাই। আশা করছি, দারুণ কিছু হতে যাচ্ছে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দর্শক নন্দিত চলচ্চিত্র ন’ডরাই নির্মাণের চার বছর পর বড় পর্দার জন্য নির্মাণে আসছেন তানিম রহমান অংশু। এ নিয়ে তিনি বলেন, ‘‌আমি অত্যন্ত আনন্দিত। আমি টিএম পরিবারেরই অংশ, তাই এ আনন্দের মাত্রা আরো বেশি। আরো তিন বছর আগেই হয়তো ঘোষণাটা আসত, কিন্তু আমরা করোনা মহামারীর কারণে থমকে ছিলাম। তবে এমন নির্মাণের জন্য এটাই সঠিক ও দারুণ সময়।’

অন্যদিকে রায়হান রাফী বলেন, ‘‌গানবাংলার মাধ্যমে এরই মধ্যেই তারা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমার দৃঢ় বিশ্বাস, ফিল্মেরও এবার তেমন কিছুই ঘটতে যাচ্ছে। টিএম ফিল্মসের আগমন বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ। তাদের প্রযোজনায় আমার যে চলচ্চিত্র আসছে, তা আমার ক্যারিয়ারের বেস্ট কিছু হবে, দর্শকরাও ভয়ংকর সুন্দর একটা অভিজ্ঞতার মুখোমুখি হবে।’

সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে নিজের পরবর্তী সিনেমার জানান দিয়েছেন রাফী। আকাশে মেঘের মধ্যে বিমানের পেছনের অংশের একটি ছবি প্রকাশ করে নির্মাতা লিখেছেন, ‘এবার আরো বড় ক্যানভাস। আকাশের মতো...পরবর্তী সিনেমা। ইনশাআল্লাহ, দারুণ কিছু হবে।’

এ বিষয়ে জানতে চাইলে এ নির্মাতা জানান, এটি তার নতুন ছবির ঘোষণা। তবে সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের নিয়ে এখনই মুখ খুলবেন না তিনি।