অভিনেত্রী হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তানজিন তিশা। শুধু যে একটি ঘরানাকেন্দ্রিক গল্পের নাটকে অভিনয় করেন তিনি এমন নয়। বিচিত্র ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে মেধার পরিচয় দিয়েছেন তিশা। অভিনয়ের স্বীকৃতি হিসেবে এবার পুরস্কৃত হলেন তিনি। উইমেন্স ইন্সপিরেশন সম্মাননা পেলেন তিনি। ২৬ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার হাত থেকে তানজিন তিশা এ সম্মাননা গ্রহণ করেন। তিনি বলেন, ‘অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এর আগে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অনেক সম্মাননায়ই ভূষিত হয়েছি, কিন্তু এ সম্মাননাটা আমার কাছে একটু ব্যতিক্রম, আলাদা। কারণ আন্তর্জাতিক সংগঠনটি কর্তৃক শুধু নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ও বিশেষ অবদান রাখায় শুধু নারীদেরই সম্মাননা জানানো হয়েছে।’
জেসিআইয়ের পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয় ১২ জন নারীকে। তিশা বলেন, ‘১২ জন নারীর মধ্যে সারা বাংলাদেশে আমিও একজন, এটা সত্যিই অনেক বড় প্রাপ্তি। আর এটা গ্রহণ করেছি মাননীয় শিক্ষামন্ত্রীর হাত থেকে। এটাও অনেক ভালো লাগার। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে সম্মাননায় ভূষিত করে আরো অনুপ্রাণিত করার জন্য।’ এ সম্মাননা পাওয়ার মাধ্যমে তিনি নিজ কাজের ক্ষেত্রে আরো অনুপ্রাণিত হয়েছেন। তিনি বলেন, ‘আগামীতে দর্শককে আরো ভালো ভালো গল্পের নাটক টেলিফিল্ম উপহার দিতে চাই।’










