জুনে মুক্তি পেয়েছিল আমির খানের সিতারে জমিন পার। সিনেমাটির ওটিটি রিলিজ নিয়ে অনেক কথাই হচ্ছিল। তবে শেষ পর্যন্ত আমির জানান, তিনি ওটিটিতে সিনেমাটি মুক্তি দেয়ার বিষয়ে রাজি নন। এবার সিনেমাটি তিনি নিয়ে গেলেন ইউটিউবে। তবে ইউটিউবে কেউ ফ্রিতে দেখতে পাবেন না সিনেমাটি। সিতারে জমিন পার দেখার জন্য খরচ করতে হবে। পে পার ভিউ ব্যবস্থায় দেখা যাবে সিনেমাটি। প্রত্যেক দর্শক ১০০ রুপি খরচ করে সিনেমাটি দেখতে পারবেন। আমির খান এ মডেলকে ‘জনতার থিয়েটার’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আগামীকাল এ মডেলে দর্শক দেখতে পারবেন সিতারে জমিন পার।

কিন্তু এ মডেলে কেন গেলেন আমির খান?

মঙ্গলবার একটি প্রেস মিটে আমির খান দাবি করেন, ভারতের মাত্র ২-৩ শতাংশ মানুষ থিয়েটারে গিয়ে সিনেমা দেখে। এখন তারা ডিজিটাল মাধ্যমে ঘরে বসে সিনেমা দেখতে পছন্দ করে। সেক্ষেত্রে খরচও করেন ডিজিটাল মাধ্যমে। আমির বলেন, ‘এজন্যই আমি ইউটিউবে সিনেমা মুক্তির কথা চিন্তা করেছি। এটা কমবেশি সবাই ব্যবহার করেন আর যেকোনো ডিভাইস থেকেই দেখা যায়। প্রতিদিন ৫৫ কোটি মানুষ ইউটিউব দেখেন। আমি চিন্তা করেছি ইউটিউবে সিনেমা নিয়ে গেলে যেকোনো জায়গা থেকে দর্শক তা দেখতে পাবেন এবং ডিজিটাল মাধ্যমে এর পেমেন্টও করতে পারবেন।’

কিন্তু অন্যসব ডিজিটাল মাধ্যম যে মডেলে চলে তা আমিরের পছন্দ না। তিনি বলেন, ‘যখন থেকেই ভারতীয় সিনেমা চালু হয়েছে, তখন থেকেই পে পার ভিউ ব্যবস্থায়ই চলেছে। থিয়েটারে আমরা যতবার যাই, ততবার প্রত্যেকে একবার করে টাকা দিয়ে সিনেমা দেখে। আমি ওই মডেলকেই ডিজিটাল প্লাটফর্মের ক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছি।’

এ কাজ করার জন্য আমির খান কয়েক মাস আগে ‘আমির খান টকিজ’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানেই সিতারে জমিন পার দেখা যাবে। তিনি বলেন, ‘আমি সবসময়ই এমন একটা খরচে সিনেমা দর্শকের কাছে নিতে চেয়েছি, যা সবার জন্য সহজে গ্রহণযোগ্য। সবার সামর্থ্যের মধ্যে।’

আমির মনে করেন, এটা দর্শক ও নির্মাতা উভয়ের জন্যই লাভজনক। এছাড়া কেবল সিতারে জমিন পারই নয়, আমির খান প্রযোজিত প্রতিটি সিনেমাই এরপর এক এক করে এ প্লাটফর্মে মুক্তি পাবে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস