মিশন ইমপসিবল ভক্তদের জন্য সুখবর। তাদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে অচিরেই। মঙ্গলবার এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘মিশন ইমপসিবল ডেড রেকনিং পার্ট ওয়ান’-এর অফিশিয়াল পোস্টার উন্মোচন করেছে নির্মাণ সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ উপলক্ষে লেখা হয়, এ হলো টম ক্রুজ অভিনীত মিশন ইমপসিবল ডেড রেকনিং পার্ট ওয়ান সিনেমার অফিশিয়াল পোস্টার। ২০২৩ সালের জুলাইয়ে সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে একযোগে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।
পোস্টারে টম ক্রুজকে তার বাইক নিয়ে দুঃসাহসী স্টান্ট করতে দেখা যায়। যেন মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে শূন্যে ভাসছেন তিনি। পোস্টারটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভক্তরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন লিখেছেন, ‘ধন্যবাদ ঈশ্বর! এটি কোনো ছিন্ন মাথার পোস্টার নয়।’ আরেকজন অনুভূতি প্রকাশ করেন, ‘আমার মনে হয় নতুন ট্রেলার অচিরেই আসছে।’ এক ভক্ত তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে, ‘চমৎকার! অনবদ্য এভাবে চালিয়ে যান ...।’
এ সিরিজের নতুন সিনেমা দেখার জন্য যেন তর সইছে না ভক্তদের। প্রিয় অভিনেতা টম ক্রুজের দুর্দান্ত অ্যাকশন ও চমৎকার অভিনয়শৈলী দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। তেমনই এক ভক্ত মন্তব্য করেছেন, ‘মিশন ইমপসিবল ডেড রেকনিং দেখার জন্য আমি মুখিয়ে আছি। কারণ, আমি যেন টম ক্রুজকে অ্যাকশন দৃশ্যে দেখতে পাচ্ছি। এটি দুর্দান্ত একটি সিনেমা হবে।’ আরেক ভক্ত বলেছেন, ‘ভক্তরা যা আশা করে, তার সবই এ পোস্টারে আছে।’ পোস্টারটিতে টম ক্রুজকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে। এক ভক্ত তার মুগ্ধতা প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘টম ক্রুজ ভবিষ্যতের সিনেমার পোস্টারের নকশাই বদলে দিয়েছেন। আরেক ভক্ত লেখেন, ‘এ সিনেমার জন্য আমি পাঁচ বছর অপেক্ষা করেছি। মুক্তি পাওয়ার পর ১০ বার সিনেমাটি দেখব।’
মিশন ইমপসিবল ডেড রেকনিং পার্ট ওয়ান ১৪ জুলাই থিয়েটারে মুক্তি পাবে। এর সিকুয়াল ডেড রেকনিং পার্ট টু আগামী বছরের জুনে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।
সূত্র: ডিএনএ










