হৃতিক রোশনের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওয়ার’ মুক্তির ছয় বছর পেরিয়ে গেছে। এবার আসছে এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল, যেখানে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার টু’। আর মুক্তির আগেই সিনেমাটি গড়ে ফেলেছে এক অবিশ্বাস্য রেকর্ড, যা এর আগে কোনো ভারতীয় সিনেমা করতে পারেনি।

২০০ কোটি টাকা বাজেটের এই সিনেমা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ‘ওয়ার টু’ বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে।

ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো সিনেমা মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম। যশরাজ ফিল্মসের হাই-অকটেন অ্যাকশন থ্রিলারটি যে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত, এই রেকর্ডই তার ইঙ্গিত দিচ্ছে।

হৃতিক রোশন বছরে খুব কম সিনেমা করলেও তার প্রতিটি সিনেমাই ভক্তদের কাছে বিশেষ। ২০২৫ সালেও তিনি ভক্তদের জন্য দারুণ কিছু উপহার দিতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ‘ওয়ার টু’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে জুনিয়র এনটিআরের, যা সিনেমাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ থেকে প্রত্যাশা অনেক। এর আগে অয়ন বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ‘ওয়ার’ সিনেমাট ভারতে ৩০০ কোটি এবং বিদেশে ১৭৫ কোটি টাকা আয় করে মোট ৪৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল।