ঢাকার অষ্টাদশ শতাব্দীর ইতিহাস এবার উঠে আসবে বোকাবাক্সের পর্দায়। দেখা মিলবে ২৫০ বছর আগেকার ঢাকার চিত্র। ওই সময়ের কাহিনী নিয়ে ‘জিন্দাবাহার’
নামে দীর্ঘ একটি ধারাবাহিক নাটক রচনা করেছেন নাট্যকার-অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ। নাটকটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের জন্য নির্মিত হচ্ছে।
সময়টা ১৭৫৮ সাল। মেঘনার নদীবক্ষ থেকে একটি বজরা নৌকা সশস্ত্র প্রহরীসহ চাঁদপুর ঘাটে এসে ভেড়ে। গন্তব্য ঢাকার জিনজিরা প্রাসাদ। নৌকার আরোহীরা হচ্ছেন নিহত নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী লুত্ফা, কন্যা উম্মে জোহরা, খালা ঘসেটি বেগম, মাতা আমেনা বেগম। স্বল্প বিরতির পর পাল তোলা বজরায় আবার ঢাকা অভিমুখে যাত্রা। এখান থেকেই শুরু অষ্টাদশ শতাব্দীর সময়কালীন ঢাকার আখ্যান ‘জিন্দাবাহার’।
একদা সুবে বাংলার রাজধানী ঢাকা এখন পরিত্যক্ত। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদ জয়ের পর ঢাকার ইংরেজ কুঠি আবার সরব হতে থাকে। বিখ্যাত মসলিন প্রস্তুতকারীদের ঢাকায় তখন উজ্জ্বল সময় চলছিল। নবাব পরিবারের সদস্যদের জিনজিরা প্রাসাদে নির্মম নির্বাসনে কাটছে দিন, তার সঙ্গে বেড়ে উঠছে ইংরেজের ঢাকা। এ নিয়েই মূলত ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’।
ফজলে আজিম জুয়েলের প্রযোজনা ও পরিচালনায় এরই মধ্যে নাটকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। শিগগিরই বিটিভিতে প্রচার শুরু হবে। ধারাবাহিকটিতে একসঙ্গে দেখা মিলবে অনেক তারকা মুখের। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, লুত্ফর রহমান জর্জ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, রোজী সিদ্দিকী, নাজনীন চুমকি, মুনিরা বেগম মেমীসহ আরো অনেকে।
নির্মাতা ফজলে আজিম জুয়েল বলেন, ‘অষ্টাদশ শতাব্দীর ঢাকা নিয়ে দেশের টেলিভিশন কেন্দ্রে তেমন কোনো কাজ হয়নি। ওই সময়ের ঘটনাপ্রবাহ আমাদের অজানা। আমরা মূলত এ নাটকে দেখাতে চাই, সেকালে দিল্লি থেকে কীভাবে ঢাকার শাসনকার্য পরিচালিত হতো। এমন গল্পে আগে কখনো নাটক নির্মিত হয়নি। ২৫০ বছর আগে ঢাকা কেমন ছিল, এ ধারাবাহিকের মাধ্যমে দর্শকরা তা জানতে পারবেন।’










