পশ্চিমবঙ্গের সিনেমায় এক নতুন গোয়েন্দার যাত্রা হতে যাচ্ছে। তার নাম অরণ্য চ্যাটার্জি। পেশাদার গোয়েন্দা নয়, সে জড়িয়ে পড়ে গোয়েন্দাগিরিতে। অরণ্যর মূল পেশা ও নেশা ক্রিকেট খেলা। সিনেমাটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের ক্রীড়া সাংবাদিক দুলাল দে। গল্পও তার। মূলত নতুন ধারার গোয়েন্দা তৈরি করার চেষ্টা করেছেন। এ সিনেমায়ই একটি চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি নিয়মিতই অভিনয় করছেন পশ্চিমবঙ্গের সিনেমায়। এবার সেখানকার নতুন গোয়েন্দার সঙ্গে যাত্রা করবেন তিনি।

মিথিলা এ সিনেমায় একজন নার্সের চরিত্র অভিনয় করছেন। এরই মধ্যে প্রকাশ পেয়েছে তার লুক। সিনেমাটিতে এ চরিত্রের জন্য মিথিলাকে নির্বাচন করার বিষয়ে দুলাল দে বলেন, ‘‌মিথিলা ছাড়া অন্য কারো মধ্যে এ চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারো সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’ কেবল এখানেই শেষ নয়, সিনেমাটিতে মিথিলাকে যুক্ত করার প্রসঙ্গে তিনি জানান, দেড় বছর আগেই এ সিনেমা ও চরিত্র নিয়ে মিথিলার সঙ্গে তার কথা হয়েছিল।

‘‌অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামের সিনেমাটিতে অরণ্য চরিত্রে অভিনয় করছেন জীতু কমল। সত্যজিৎ রায়ের জীবনীনির্ভর সিনেমা ‘‌অপরাজিত’ করে তিনি প্রশংসিত হয়েছিলেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘‌গল্পটা আমাকে খুব ছুঁয়ে গেছে। একটা ইন্টারেস্টিং ব‌্যাপার আছে কাহিনীতে, তার জন‌্যই এটা করা।’ এছাড়া জিতু নিজে সেকেন্ড ডিভিশনে ক্রিকেট খেলতেন বলে অরণ্যের চরিত্রে আলাদা করে আগ্রহ তার তৈরি হওয়াই স্বাভাবিক।

সিনেমার গল্প সাজানো হয়েছে কলকাতার প্রথাগত গল্পের মতোই। অরণ্যর অভিযানের গল্প লিখবে তার ‘‌জামাইবাবু’ সুদর্শন হালদার। তার দৃষ্টিকোণ থেকেই অরণ্যর গল্পগুলো বলা হবে। সুদর্শন চরিত্রে কাস্ট করা হয়েছে শিল্পী শিলাজিৎকে।

মিথিলার চরিত্রের বিস্তারিত নিয়ে কথা বলেননি পরিচালক। তবে মিথিলা এ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হবেন বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন। অন্যথায় দেড় বছর আগে তাকে কাস্ট করা হতো না। এদিকে দুই মাস আগেই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত সিনেমা ‘‌মায়া’। এখন চলছে অরণ্যের প্রাচীন প্রবাদ সিনেমার কাজ। এছাড়া তার হাতে রয়েছে অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’, অর্ণব মিদ্যার ‘মেঘলা’ ও অরুনাভা খাসনবিশের অ্যান্থলজি ফিল্ম ‘নীতিশাস্ত্র’।