বিশ্ব চলচ্চিত্রে গত ১২৮ বছরে নির্মিত বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্রগুলোর মধ্য থেকে নির্বাচিত ২০ ত্রয়ীর ৬০টি বিশ্বসেরা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করা হয়েছে শুক্রবার। অনুষ্ঠানে উৎসব উদ্বোধন করেন নির্মাতা মোরশেদুল ইসলাম, অতিথি হিসেবে ছিলেন শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র সংসদ কর্মী কাইজার চৌধুরী এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।

এ উৎসব চলবে আগামী বছরের ২৭ এপ্রিল পর্যন্ত। ১০ মাসব্যাপী এ চলচ্চিত্র উৎসবের প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শুক্র ও শনিবার থাকবে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্রবিষয়ক বক্তৃতা। চলচ্চিত্র প্রদর্শনী ও বক্তৃতার এ আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্বজুড়ে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের চলচ্চিত্রিক এ কীর্তিগুলোর সঙ্গে বাংলাদেশের নিজস্ব চলচ্চিত্রচিন্তার বিকাশ গভীরভাবে সম্পর্কিত। তাই এ আয়োজন বিশ্বের সেরা চলচ্চিত্র ত্রয়ীগুলোর প্রদর্শন, প্রতিটি চলচ্চিত্র ত্রয়ী নিয়ে বিশেষ বক্তৃতা ও আলোচনার সম্মিলিত এক তৎপরতা, যা দেশের চলচ্চিত্র-সংস্কৃতির বিকাশে চলচ্চিত্রচিন্তার চর্চা ও অনুশীলনের বাতাবরণ তৈরি করবে।

কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর উদ্বোধনী ত্রয়ী চলচ্চিত্র ছিল মৃণাল সেন নির্মিত ‘কলকাতা ট্রিলজি’। গতকাল বেলা সাড়ে ৩টায় ‘কলকাতা ৭১’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ‘পদাতিক’-এর প্রদর্শনী করা হয়েছে।

এ উৎসবে প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’, ঋত্বিক কুমার ঘটকের ‘দেশভাগ ট্রিলজি’সহ বিশ্বের আরো অনেক ত্রয়ী সিনেমা।