ভালোবাসা দিবসে দর্শকরা জানাবে ভালোবাসার গল্প। আর তাই প্রতি বছর ভালোবাসা দিবসে দর্শকদের পাঠানো গল্পে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে ‘ক্লোজআপ’। এবারো তার ব্যতিক্রম নয়। ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ শিরোনামে তিনজন দর্শকের গল্পে নির্মিত হয়েছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এর মধ্যে আব্দুল্লাহ আর রাফির পাঠানো গল্প নিয়ে টানা তৃতীয়বারের মতো চিত্রনাট্যকার ও পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করেছেন ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র; যেখানে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া ও খায়রুল বাশার, শাহেদ আলী সুজনসহ আরো অনেকে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে অনম বিশ্বাস বলেন, ‘এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দর্শকের পাঠানো কাছে আসার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছি। প্রতিবারের মতো দর্শক এবারো মিষ্টি প্রেমের গল্প দেখতে পারবে। গল্পে দেখা যাবে উবার ড্রাইভার রনি এবং কস্টিউম ডিজাইনার শ্রুতির রোমান্টিক সম্পর্কের গল্প।’

‘একদিন বৃষ্টিতে বিকেলে’ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় প্রসঙ্গে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন, ‘আমি দুই বছর পর ক্লোজআপ কাছে আসার গল্পে কাজ করলাম। বিশেষ দিবসের কাজটি আমার খুব পছন্দের। এটা নিয়ে দর্শকদের মাঝেও বাড়তি আগ্রহ থাকে। এবার করলাম অনম দাদার সঙ্গে কাজ।’

জানা যায়, আজ ভালোবাসা দিবসে দেশের ১৮টি টিভি চ্যানেলে রাত ৮টায় একযোগে প্রচার হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এছাড়া খুব দ্রুত দর্শকরা ইউটিউবে উপভোগ করতে পারবে নাটকটি।