ছবি কথা বলে। প্রতিটি ছবিরই আছে নিজস্ব গল্প। আর ছবি যদি হয় জিনাত আমানের, তাহলে তা আরো বেশি করে সত্য। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার পর থেকে প্রতিটি পোস্টের মাধ্যমে নিজের জীবনে ভক্তদের উঁকি দেয়ার সুযোগ করে দেন বর্ষীয়ান এ অভিনেত্রী। সে ধারাবাহিকতায় সত্তর ও আশির দশকের ভারতীয় সিনেমার লাস্যময়ী এ অভিনেত্রী শালিমার সিনেমার সেটের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে জিনাত আমানকে ঝলমলে রূপালি গাউনে দেখা যায়। ছবির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার বিখ্যাত রূপালি গাউনটি বিখ্যাত কস্টিউম ডিজাইনার মনি রাবাডি তৈরি করেছিলেন। আমার নিজের করা একটি নকশার ভিত্তিতে তিনি এটি বানিয়েছিলেন। এর নামানো গলা ও মসৃণ সিলুয়েট অনেকের মাথা ঘুরিয়ে দিয়েছিল। মনি যেন আমাকে গাউনের ভেতর সেলাই করে দিয়েছিল, যেন এটি চমৎকারভাবে শরীরে খাপ খায়।’
পোস্টে শালিমার সিনেমার মহরতের স্মৃতিচারণা করতে গিয়ে জিনাত আমান বলেন, ‘সেদিন কয়েকজন আন্তর্জাতিক অভিনেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জিনা ললোব্রিজিডাও ছিলেন। পরে তিনি সিনেমাটিতে অভিনয় করেননি। এতে গুজব ছড়িয়েছিল, আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। ব্রিটিশ অভিনেতা রেক্স হ্যারিসন সেদিন উপস্থিত ছিলেন না। কিন্তু তিনি সিনেমাটিতে অভিনয় করেছিলেন। একদিন সেটে তিনি আমাকে বললেন, “তোমার মতো সুন্দরীর শিগগিরই বিয়ে করে ফেলা উচিত।” তার কথা শুনে আমি বেশ হেসেছিলাম। আমার মনে হয়েছিল বিয়ে করার কারণ হিসেবে তা মোটেই যৌক্তিক ছিল না।’
জিনাত আমান তার জীবনের ৭১টি বসন্ত পেরিয়ে এসেছেন। শালিমার প্রসঙ্গে তিনি লেখেন, ‘যদিও শালিমার দর্শককে তেমন মুগ্ধ করতে পারেনি, এটি ছিল একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা ইংরেজি ও হিন্দিতে সিনেমাটির শুটিং করেছিলাম। প্রতিটি দৃশ্যই দুবার করে ধারণ করা হয়েছে।’ যথারীতি জিনাতের এ পোস্ট নেটিজেনদের কাছ থেকে সাড়া পেয়েছে। ভক্তদের একজন লিখেছেন, ‘শালিমার ছিল আন্তর্জাতিক মানের একটি রোমাঞ্চকর সিনেমা। এর গানগুলোও ছিল চমৎকার। বক্স অফিসে এটি আরো ভালো করতে পারত।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ছবিটি প্রথম দেখে আমাদের টিনেজ হৃদয়ে ঝড় উঠেছিল।’
কৃষ্ণ শাহর লেখা ও পরিচালনায় ১৯৭৮ সালে বলিউডের সিনেমা শালিমার মুক্তি পায়। এতে জিনাত আমান ছাড়াও ধর্মেন্দ্র, শাম্মী কাপুর, প্রেম নাথ ও অরুণা ইরানি উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তাছাড়া ইংরেজ অভিনেতা রেক্স হ্যারিসন এবং আমেরিকান অভিনেতা জন স্যাক্সন ও সিলভিয়া মাইলসকেও দেখা যায় শালিমারে।
সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা










