সম্প্রতি এক আলাপচারিতায় সাইফ আলী খান কথা বলেছেন তার ছেলে ইব্রাহিম আলী খানকে নিয়ে। দিওয়ালিতে তোলা ইব্রাহিমের ছবিগুলো সাইফকে নিজের তরুণ বয়সের কথা মনে করিয়ে দিয়েছে।

মুম্বাই মিররের সঙ্গে আলাপে সাইফ বলেছেন, তিনি মনে করেন পুত্র ইব্রাহিম হূতিক রোশনের মতো পর্দা আলোকিত করে তুলবেন। তার মতে, ইব্রাহিম এখন নিজের ব্যক্তিত্ব গড়ে তুলছে। আর ছেলেকে যে সারাজীবন বাবার সঙ্গে তুলনা করা হবে সে বিষয়েও নিশ্চিত সাইফ এবং তার মতে, এ ব্যাপারে কারো কিছু করারও নেই। সাইফের মতে, ইব্রাহিম যখন বি-টাউনে পা রাখবেন তখন সেটা হবে হূতিকের মতো। ‘হূতিকের মতো সে (ইব্রাহিম) পর্দায় ঝড় তুলে দেবে। আমার সঙ্গেও তুলনা হবে, সেটা এড়ানো যাবে না। তবে সে এখনো বড় হচ্ছে, এখনো তার সেরাটা দেখা যায়নি।’

আগে এক সাক্ষাত্কারে সাইফ বলেছিলেন, তিনি তার সব ছেলেমেয়েকেই বলিউডে দেখতে চান। বিশেষত ইব্রাহিম আলী খানকে। সাইফ বলেছিলেন, তার ধারণা ইব্রাহিম বলিউডে আসার প্রস্তুতি নিচ্ছেন। সেই থেকে বলিউডের দর্শকরা ইব্রাহিমকে বড় পর্দায় দেখার অপেক্ষায়।

দিওয়ালিতে বোন সারা আলী খান ও মা অমৃতা সিংয়ের সঙ্গে তোলা ইব্রাহিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সাইফ আলী খান ‘ভূত পুলিশ’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে পালামপুরে অবস্থান করছেন, তার সঙ্গে আছেন অর্জুন কাপুর ও ইয়ামি গৌতম। দিওয়ালির সময় কারিনা কাপুর খান ও পুত্র তৈমুরও যোগ দিয়েছিল সাইফের সঙ্গে। সাইফিনা দম্পতি এখন তাদের দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন।

 

সূত্র: পিংকভিলা