বলিউডের জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ‘মাসান’ অভিনেতা জানালেন কেন ও কখন ক্যাটরিনার প্রেমে মজেছেন।

ভিকি যখন থেকে ব্যক্তিগতভাবে ও কাছ থেকে ক্যাটরিনাকে জানতে শুরু করেন, তখনই প্রেমে পড়েন। একই সময় বুঝতে পেরেছিলেন ক্যাটরিনাকে জীবন সঙ্গী হিসেবে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য দেন।

সাধারণ মানুষের সঙ্গে ক্যাটরিনার মিশে যাওয়ার গুণ ভিকিকে মুগ্ধ করে। এটাই তার কাছে ক্যাটরিনার সবচেয়ে আকর্ষণীয় গুণ। এও জানান, ‘ফিতুর’ নায়িকার মনোযোগ পাওয়া প্রথম দিকে অবিশ্বাস্য মনে হয়েছিল এ নায়কের ।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ৯ ডিসেম্বরে রাজস্থানে বিয়ে করেন। বিয়ের আগে হবু দম্পতি কখনো প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। যদিও অপ্রকাশ্য সম্পর্কটি বরাবরই বলিউডে ‘টক অব দ্য টাউন’ হয়েছিল।

ভিকি জানান, যখন তারা একে অপরকে সময় দেয়া শুরু করেন, বুঝতে পারেন এ সম্পর্ক থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু চান। 

ভিকি বলছেন, ‘আমাদের সম্পর্কে বিয়ে নিয়ে কোনো গোপনীয়তা ছিল না। শুরু থেকেই জানতাম আমাদের এই সম্পর্ক অনেক গভীর। এই সম্পর্ককে আমরা স্থায়ী করতে চাই। বিয়ে কখনোই এক পক্ষের প্রশ্ন ও অন্য পক্ষের উত্তর ছিল না। বিয়ে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল।’

তিনি আরো জানান, ক্যাটরিনার তারকা খ্যাতির জন্য বা জনপ্রিয়তা দেখে প্রেমে পড়েননি। ব্যক্তি ক্যাটরিনাকে যখন জানতে শুরু করেন তখন তার প্রেমে পড়তে শুরু করেন। ব্যক্তিত্বের প্রেমে পড়েছিলেন ভিকি।

ক্যাটরিনার প্রারম্ভিক মনোযোগ ভিকির কাছে ‘অদ্ভুত’ মনে হয়েছিল। তিনি বলেন, ‘প্রথম দিকে আমি তার মনোযোগ পেলে অদ্ভুত কিছু অনুভব করতাম। যখন ক্যাটরিনার সঙ্গে পরিচিত হলাম ও সময় কাটাতে শুরু করলাম তখন আমার কাছে মনে হলো তার মতো মানুষের সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি আমার। কারো সম্পর্কে খারাপ কিছু বলতে শুনিনি তাকে। নিজের চারপাশের মানুষ সম্পর্কে, চারপাশের পরিবেশ সম্পর্কে খুব সহানুভূতিশীল ক্যাটরিনা। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়টি কাজ করেছে।’

বলিউডের তারকাদের প্রেমের ক্ষেত্রে এই সিনেমায় অভিনয় ও সেট ভাগাভাগি খুবই সাধারণ বিষয়। অবাক করা বিষয় হলো, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এখনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি। সামনে একসঙ্গে দেখা যাবে কিনা তাও নিশ্চিত নয়। দুজনই এখন আলাদা আলাদা প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সামনে ভিকির ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ ও ‘স্যাম বাহাদুর’ মুক্তি পাবে। ক্যাটরিনাকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ও ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে