ঢাকাই সিনেমার পরিচিত মুখ সাইমন সাদিক। একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক হিসেবে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। এরপর আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। নতুন খবর হলো এবার এ নায়ককে নিয়ে সাইফ চন্দন সিলেটের জাফলংয়ে শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু এখনই জানাতে নারাজ নির্মাতা।
সিনেমাটির শুটিং প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে সাইফ চন্দন ভাইয়ের সঙ্গে আমার সিনেমায় কাজ করা শুরু হলো। গল্প ও আমার চরিত্র আমার কাছে এককথায় অসাধারণ লেগেছে। যে কারণে এ প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সিলেটের জাফলংয়ে এসে শুটিং করছি। পুরো ইউনিট এককথায় দারুণ। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ। চন্দন ভাই বিচক্ষণ নির্মাতা। এর আগে তার পরিচালিত কয়েকটি সিনেমাই ব্যবসাসফল হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি আমাদের এ সিনেমাও দর্শকপ্রিয়তা পাবে। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে পরিবারকে বিশেষ করে, আমার স্ত্রী ও আমার দুই সন্তান সাইয়্যান ও সাইয়্যারকে খুব মিস করছি। দোয়া চাই সবার কাছে।’
সাইমন সাদিক তার আসন্ন সিনেমা নিয়ে জানান, আগামী মাসেই মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এতে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি।
সাইমন সাদিক অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। চলতি বছরের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পেয়েছে। এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। এ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাইমন সাদিক। অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র লাল শাড়ি।










