অরুণা বিশ্বাস চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চনাটকেও জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের একাধিক নাটক পরিচালনা করেছেন তিনি। নতুন খবর হলো ‘জবা’ নাটকের এবার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অরুণা বিশ্বাস। দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক জবা। বছরের প্রথম দিন থেকে সম্প্রচার শুরু হয়েছিল নাটকটির। এ নাটকে নিয়মিত দেখা যাবে ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাসকে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
অরুণা বিশ্বাস ঢাকাই সিনেমার পরিচিত মুখ। দীপ্ত টিভির জবা নাটকে অভিনয় প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, ‘এটা দীপ্তের জনপ্রিয় নাটক, সম্প্রতি আমিও যুক্ত হলাম। সব মিলিয়ে ভালো লাগছে। আমার ধারণা দর্শকেরও ভালো লাগবে।’
আশিস রায়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন ডলি জহুর, রেজমিন সেতু, সোহান খান, শানারেই দেবী শানু, আইনুন পুতুল প্রমুখ। জবা নাটকটির চিত্রনাট্য লিখেছেন নাসিমুল হাসান ও সংলাপে সরোয়ার সৈকত। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, নাটকের গল্প জবা নামের একজন মেয়েকে নিয়ে। যার বেড়ে ওঠা গ্রামে। তার বিয়ে হয় পুরান ঢাকার তালুকদার বাড়ির মিঠুর সঙ্গে। মিঠুর মা বিলকিস বেগমের কথায় চলে তালুকদার বাড়ি। সংসার ও সম্পর্কের দ্বন্দ্ব নিয়েই চলছে নাটকের গল্প। নাটকের কোন চরিত্রে অরুণা বিশ্বাসকে দেখা যাবে তা নিয়ে চমক আছে বলেও জানান নির্মাতা।
নাটকে অভিনয় ছাড়াও অরুণা বিশ্বাস বর্তমানে ব্যস্ত আছেন তার প্রথম পরিচালিত সিনেমা ‘অসম্ভব’ নিয়ে। তিনি জানান, আগামী ২০ অক্টোবর এটি মুক্তির জন্য প্রস্তুত। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, সোহানা সাবা, নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকেই। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসকে। যাত্রা শিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত অসম্ভব সিনেমার শুটিং হয়েছে মানিকগঞ্জে।










