সুকুমার পরিচালিত পুষ্পা মুক্তি পেয়েছিল ২০২১ সালে। দক্ষিণী সিনেমার জয়রথ এগিয়ে নেয়ায় এ সিনেমার অবদান অনেক। তবে আরো একটি কারণে সিনেমাটি ঝড় তুলেছিল। এতে ছিল সামান্থা রুথ প্রভুর পারফর্ম করা একটি আইটেম সং। ও আন্তাভা শিরোনামের গানটি মুক্তি পাওয়ামাত্র জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছিল। এ গানের জন্য যখন তার কাছে প্রস্তাব আসে তখনো নিজেকে গ্ল্যামারাস মনে করতেন না সামান্থা। তিনি জানান, এ গানে পারফর্ম করা তার জন্য চ্যালেঞ্জ ছিল। তিনি গ্ল্যামারাস হওয়ার ভান করেছিলেন।

গ্যালাটা প্লাসের সঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সামান্থা। সেখানে তিনি বলেন, ‘মাঝে মাঝে আমি নিজেকে চ্যালেঞ্জ করা বা চ্যালেঞ্জ নেয়ার জন্য কিছু কাজ করি। জীবনে কখনো আমি নিজেকে গ্ল্যামারাস বা সুন্দরী মনে করিনি। ও আন্তাভা গানের প্রস্তাব যখন এল, মনে হলো এটা আমি করতে পারি। এ ধরনের কোনো কাজ আগে করিনি। এর মাধ্যমে নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম। আমার মনে হয়েছিল গ্ল্যামারাস হওয়ার ভান অন্তত করতে পারি।’

সামান্থা নিজেকে গ্ল্যামারাস বা আবেদনময়ী মনে করেন না। এ নিয়ে তিনি বলেন, ‘আমাকে এ রকম একটা বিশেষ গানের জন্য প্রস্তাব কেন দেয়া হবে সেটাই বুঝতে পরিনি। বিশ্বাসও হয়নি। আমাকে কি আসলেও এতটা আবেদনময়ী মনে হয়? আমি ভেবেছিলাম কেবল পারফর্ম করব।’

আরো কিছু বিষয় তুলে এনেছেন তিনি। এই গানে পারফর্ম করার সময়টা সামান্থার জন্য জটিল ছিল। তখন নাগা চৈতন্যর সঙ্গে তার বিচ্ছেদ চলছিল। এমন একটা গানে পারফর্ম করা সমালোচনার কারণ হতে পারে এটা তিনি জানতেন। সামান্থা বলেন, ‘বিচ্ছেদ পর্ব চলছিল তখন। আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা বলেছিলেন এমন গানে পারফর্ম না করতে। এতে ভিন্ন রকম সমালোচনা হতে পারে। কিন্তু আমার মনে হয়েছিল এটা তো একটা কাজ। ভুল করার কিছু নেই। তাই এ গানের জন্য হ্যাঁ বলেছিলাম।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস