বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন গুণী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। খোরশেদ বাহারের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন নাসরীন মোস্তাফা। পরিচালনা করেছেন গৌতম কৈরী। আজ বিকাল ৫টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাট্যশালা মিলনায়তনে। প্রদর্শনীর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা গৌতম কৌরি। প্রদর্শনীর সময় উপস্থিত থাকবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বঙ্গমাতার নির্মাতা ও কলাকুশলীরা।
আগামীকাল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন। গত বছরে বঙ্গমাতার জন্মদিনে মুক্তি পায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। মুক্তির পর গত বছরের আগস্টজুড়ে সারা দেশের শিল্পকলা একাডেমি ও টেলিভিশন চ্যানেলে প্রচার হয়েছিল চলচ্চিত্রটি।
বঙ্গমাতা নিয়ে বলতে গিয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন মানুষ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা। অবশ্যই তার চরিত্রে কাজ করা আনন্দের। কাজটা করতে গিয়ে বঙ্গমাতার চরিত্র সম্পর্কে আরো ভালোভাবে জানতে পেরেছি। বঙ্গমাতার ছবি, লেখা আর তার সম্পর্কিত প্রত্যেকটি বিষয় জেনে প্রস্তুতি নিয়েছি। ওনাকে যারা দেখেছেন তাদের সঙ্গে কথা বলে চরিত্র সম্পর্কে আরো ভালো ধারণা নিয়েছি। আমরা যত্নসহকারে কাজটা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এমন ঐতিহাসিক একটি কাজে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এটা নিঃসন্দেহে অসাধারণ একটি অভিজ্ঞতা। গত বছরের শুরুতে ঢাকা ও মানিকগঞ্জে আমরা শুটিং করেছি।’
বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অপরিসীম অবদান রয়েছে। বঙ্গমাতা স্বল্পদৈর্ঘ্য সিনেমায় উঠে আসবে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলা থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ের ঘটনা।










