লেডি গাগার কনসার্ট মানেই জমজমাট। মোটা অংকের টাকা খরচ করে তার গান শুনতে ও তাকে দেখতে যায় ভক্তরা। আর ফ্রি কনসার্ট হলে তো কথাই নেই। সেখানে ভিড় আরো বেশি হবে। সে রকমই ঘটনা ঘটল ব্রাজিলে। রিও ডি জেনিরোতে একটি কনসার্ট হয়েছে লেডি গাগার। কনসার্টটি শ্রোতা দর্শকের জন্য বিনামূল্যে দেখার ব্যবস্থা করা হয়েছিল।
কনসার্টের দিন সকাল থেকেই গাগাভক্তরা উপস্থিত হচ্ছিল সমুদ্রসৈকতে। আগে থেকেই বোঝা গিয়েছিল এ কনসার্টে ভিড় হবে। তাই ভিড় সামাল দিতে প্রায় পাঁচ হাজার পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তাদের নিরাপত্তা বেষ্টনী ও মেটাল ডিটেক্টর পার করে শ্রোতাদের ঢুকতে হয়েছিল কনসার্টে। এছাড়া ড্রোন ও ফেসিয়াল ডিটেক্টর ব্যবহার করা হয়েছিল। কনসার্টের আয়োজকরা কনসার্ট শেষে জানান যে সেখানে প্রায় ২০ লাখ দর্শক-শ্রোতা উপস্থিত হয়েছিল।
এ কনসার্ট আরো একটি কারণে বিশেষ। কেননা ১০ বছর পর ব্রাজিলে গেলেন লেডি গাগা। ব্রাজিলের পতাকা সঙ্গে নিয়ে উচ্ছ্বসিত গাগা বলেন, ‘আপনারা আমার জন্য ১০ বছর অপেক্ষা করেছেন। ব্রাজিল, আমি আপনাদের সামনে প্রস্তুত। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পারফর্ম করব।’
কনসার্টে গানের পাশাপাশি অ্যাক্টও করেছেন গাগা। আর তাতে ব্যবহার করা হয়েছে ব্রাজিল থিমের কস্টিউম। এছাড়া ব্রাজিলের জাতীয় ফুটবল দলের পোশাকের সঙ্গে মিলিয়েও তিনি পোশাক পরেছিলেন।
এ কনসার্টটি মূলত লেডি গাগার আসন্ন অ্যালবাম মেইহেমের প্রচারের জন্য করা। সেই সঙ্গে রিও ডি জেনিরো এটি আয়োজন করেছে তাদের পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য। ব্রাজিলের বিভিন্ন অঞ্চল থেকে রিওতে দর্শকরা গিয়েছিলেন এ কনসার্ট উপভোগ করতে।
আলিশা দুয়ার্তে নামে এক শ্রোতা ৭৪০ নম্বর সিরিয়ালে ছিলেন। এএফপিকে তিনি বলেন, ‘লেডি গাগা অসাধারণ একজন শিল্পী। খুব দ্রুতই এখানে ভিড় বাড়বে। তিল ধারণের জায়গা থাকবে না।’ কিছুক্ষণের মধ্যে পুরো জায়গা ভরে উঠেছিল।
অন্যদিকে রয়টার্স কথা বলেছে পাওরো অলিভিয়েরার সঙ্গে। তিনি বলেন, ‘লেডি গাগাকে পছন্দ করি কারণ তিনি আমাদের জানান আমরা কারা। আমাদের ভেতরকার না বলা অনেক বিষয় তিনি উসকে দেন। এটা আমরা পছন্দ করি। তার গান থেকে আমরা নিজেদের স্বতন্ত্র করে চিন্তা করার সুযোগ পাই।’
কনসার্টে উপস্থিত সবাই জানান এ কনসার্ট ছিল তাদের জন্য অনন্য অভিজ্ঞতা। তারা নিজেদের লেডি গাগার বড় ভক্ত বলে দাবি করেন এবং জানান তারা সবসময়ই গাগার কনসার্টের অপেক্ষায় থাকবেন।
সূত্র ও ছবি: বিবিসি










