নব্বইয়ের দশককে বলা হয় দেশীয় ব্যান্ড সংগীতের সোনালি সময়। একের পর এক অনবদ্য সৃষ্টির মধ্যে ব্যান্ডগুলো জয় করেছে অগণিত শ্রোতার হৃদয়। সে সময়ের গানগুলো আজও শ্রোতার মনে অনুরণন তুলে যাচ্ছে। কালজয়ী সে গানগুলো দর্শক-শ্রোতার কানে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব। ‘চলুন ফিরে যাই ৯০-এর স্বর্ণালি সন্ধ্যায়’ এ স্লোগান নিয়ে এক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ক্লাবটি। যেখানে আজ পারফর্ম করবে সংগীতপ্রেমীদের মাঝে সাড়া জাগানো তিন ব্যান্ড মাকসুদ ও ঢাকা, অবসকিওর এবং ডিফারেন্ট টাচ।
আয়োজকরা জানান, ক্লাবের ১৩০ বছর পূর্তি উদযাপন এবং নব্বইয়ের সংগীতময় স্মৃতিকে ফিরিয়ে আনতেই তাদের এ আয়োজন। তিন জনপ্রিয় ব্যান্ড নিয়ে এ গানের আসর বসবে আজ সন্ধ্যায় ক্লাবের টেনিস গ্রাউন্ডে। তবে ক্লাব সদস্য ছাড়া এখানে বাইরের কোনো অতিথি প্রবেশ করার সুযোগ পাবেন না। এ আয়োজন নিয়ে ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী ও ঢাকা ব্যান্ডের দলনেতা মাকসুদুল হক বলেন, ‘নব্বইয়ের দশক হলো সে সময়, যখন সব বাধাবিঘ্ন পেরিয়ে অনবদ্য সব সৃষ্টির মধ্য দিয়ে দেশীয় ব্যান্ড সংগীতের উত্থান ঘটেছে। তাই সে সময়ের নির্বাচিত কিছু গান আবারো শোনাব নারায়ণগঞ্জ ক্লাবের দর্শক-শ্রোতাদের।’ এ আয়োজন দর্শককে আনন্দ দেয়ার পাশাপাশি স্মৃতি রোমন্থনে ডুবে যেতে সাহায্য করবে বলে মত ডিফারেন্ট টাচ ব্যান্ডের সদস্যদের।
অবসকিওর ব্যান্ডের সাঈদ হাসান টিপু বলেন, ‘নব্বই আমাদের সংগীতের শ্রেষ্ঠ সময় বললে ভুল হবে না। এ দশকে দেশীয় ব্যান্ডগুলোর অসংখ্য সৃষ্টি কালজয়ী হয়ে উঠেছে, যার আবেদন এতটুকু কমেনি। নারায়ণগঞ্জ ক্লাবে আবারো কালজয়ী সেসব গান গাওয়ার সুযোগ পাওয়া তাই অন্যরকম আনন্দের। ভালো লাগার আরেকটি কারণ এ সংগীতায়োজনে অবসকিওরের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে আলোচিত আরো দুই ব্যান্ড মাকসুদ ও ঢাকা এবং ডিফারেন্ট টাচ। আশা করছি, এ আয়োজন দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণ করবে।’










