জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনালের সময় কাটছে বেশ আনন্দে। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমায় তার গান শ্রোতা-দর্শক উপভোগ করছেন। ঈদের অন্যতম আলোচিত সিনেমা হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। এ গানে তার সহশিল্পী বালাম। অন্যদিকে বেশ আগেই জামাল হোসেন প্রযোজিত ও চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা সিনেমার জনপ্রিয় গান ‘মেঘের নৌকা’ গানেও কোনালের কণ্ঠে মুগ্ধ হয়েছেন শ্রোতা-দর্শক।
শাকিব খানের নতুন লুক নিয়ে কৌতূহল আর তার তারকাখ্যাতিতে সিনেমার ‘ও প্রিয়তমা’ গানের প্রতি শ্রোতা-দর্শককে আকর্ষণ তৈরি হতে সময় নেয়নি। আর মেঘের নৌকা নিয়েও শ্রোতারা ইতিবাচক সাড়া দিয়েছেন। মেঘের নৌকা প্রকাশ হওয়ার পর কোনাল তার সব স্টেজ শোয়ে গানটি গাইতে শুরু করেছেন। কোনাল বলেন, ‘আলহামদুলিল্লাহ। এবারের ঈদ যেন গানে গানে পরিপূর্ণ। মেঘের নৌকার জন্য তো আগেই অনেক সাড়া পেয়েছি। আর ঈদের কয়েকদিন আগে থেকে ও প্রিয়তমার জন্য সাড়া পাচ্ছি। দুটি গানের প্রতিই আমার ভীষণ ভালো লাগা রয়েছে। এ দুই গানের সিনেমার প্রযোজক, গানের গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, সহশিল্পীসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। ’ প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘বালাম ও কোনালের কণ্ঠে ও প্রিয়তমা শাকিব খান ও ইধিকার ঠোঁটে খুব মানিয়েছে। যতই দিন যাচ্ছে এ গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালো লাগা বাড়ছে।’ উল্লেখ্য, ও প্রিয়তমা এবং মেঘের নৌকা দুটি গানই আসিফ ইকবালের লেখা। ও প্রিয়তমার সুর সংগীত করেছেন আকাশ। মেঘের নৌকার সুর সংগীত করেছেন ইমরান মাহমুদুল।










