একের পর এক নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন রুনা খান। বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। ছোট পর্দা ও সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি রুনা তার নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। নাম ‘বক—দ্য সোল অব নেচার’। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে এ সিনেমা নির্মাণ হচ্ছে। কবিতার নাম বললে হয়তো অনেকেই বুঝতে পারবেন না, এটা কোন কবিতা। কয়েকটি লাইন বললেই তা সহজ হয়ে যায়। জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন কবিতা’র প্রথম কয়েকটি লাইন হচ্ছে, ‘শোনা গেল লাসকাটা ঘরে, নিয়ে গেছে তারে; কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হ’লো তার সাধ’। জীবনানন্দ দাশের কবিতার মধ্যে ‘আট বছর আগের একদিন’ শিরোনামের কবিতাটি অন্যতম। এ কবিতাকে কেন্দ্র করেই বক—দ্য সোল অব নেচার সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুদ পথিক।

সিনেমায় গল্পের কেন্দ্রীয় একটি চরিত্র ‘সবিতা’। আর এ চরিত্রেই অভিনয় করছেন রুনা খান। তিনি জানান, জুলাই থেকেই বক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২৬ আগস্ট তিনি এ সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমাটি প্রসঙ্গে রুনা খান বলেন, ‘বক সিনেমার মূল দর্শন হচ্ছে প্রকৃতি ও জীবনের গল্প। সুরুজ দেওয়ান একজন বক শিকারি। তার স্ত্রী সবিতা। এ চরিত্রেই আমাকে দেখা যাবে। একটি পরিবারের মধ্য দিয়ে প্রকৃতি ও জীবন দর্শনের গল্প বলার চেষ্টা করছেন পরিচালক মাসুদ পথিক। গল্প বলতে গিয়ে এ সিনেমায় প্রকৃতির সৌন্দর্য, বীভৎসতা, দুর্যোগ যেমন উঠে এসেছে, ঠিক তেমনি উঠে এসেছে জীবনের সুন্দরতা, বীভৎসতা ও অসহায়ত্বের গল্প। পাশাপাশি সিনেমাটিতে জীবন দর্শন উঠে এসেছে। সব মিলিয়েই আসলে বক আমাদের প্রকৃতি ও জীবনের গল্পই বলার চেষ্টা করবে।’ 

এ সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা জানতে চাইলে রুনা খান বলেন,‘‌জীবনে প্রথম আমি মেঘনার পারে লালপুর চানপুর চরে শুটিং করেছি। পুরো ইউনিটের অনেক কষ্ট হয়েছে কখনো রোদে, কখনো প্রবল বৃষ্টিতে শুটিং করতে। মাসুদ পথিকের ডেডিকেশনে আমি মুগ্ধ। যে কারণে বক সিনেমাটি নিয়েও ভীষণ আশাবাদী। আমার চরিত্রটি সাধ্যমতো চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে।’ 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বক—দ্য সোল অব নেচারের শুটিং করা হয়েছে। শুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন রুনা। ছবিতে একেবারে ভিন্নরূপে দেখা মিলে অভিনেত্রীর।

রুনা খান তার অভিনয় শুরু করেন ছোট পর্দা দিয়ে। একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। ঈদুল আজহায় কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে নাটক ‘বড় মেয়ে’। এতে নাম ভূমিকায় অভিনয় করেন রুনা। এতেও দর্শকের প্রশংসা কুড়ান এ অভিনেত্রী। সম্প্রতি ওয়েব সিরিজ ‘‌আন্তঃনগর’-এ অভিনয় করেন। গৌতম কৈরী পরিচালিত এ সিরিজে শ্যামল মাওলার বিপরীতে দেখা যায় রুনাকে। এছাড়া গত মার্চে মুক্তি পেয়েছে রুনা খান অভিনীত সিনেমা ‘একটি না বলা গল্প’। মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। বিশ্বজিৎ চৌধুরীর গল্পে এ সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পঙ্কজ পালিত। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমার ক্ষেত্রে রুনা খানের পঞ্চম সিনেমা এটি। সিনেমাটিতে আরিফা চরিত্রে অভিনয় করেছেন রুনা। তার বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছেন রওনক হাসান। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে রুনা খান অভিনীত কৌশিক শংকর দাস পরিচালিত ‘দাফন’, তৌফিক এলাহীর ‘নীলপদ্ম’ ও রুবেল আনুশের ‘উধাও’।

২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন রুনা খান। একই বছর ‘ছিটকিনি’ ও ‘গহীন বালুচর’ সিনেমা দুটিও মুক্তি পেয়েছিল এ অভিনেত্রীর। হালদার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এবার দেখার পালা নতুন সিনেমাটি দিয়ে দর্শককে কী উপহার দেন রুনা।