বাংলাদেশের নাট্যাঙ্গনের দর্শকপ্রিয় অন্যতম জুটিতে পরিণত হয়েছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তারা প্রথম জুটি বাঁধেন ‘বিয়ের পরীক্ষা’ নাটকে অভিনয় করে। এরপর একাধিক নাটকে অভিনয় করেছেন। নিলয় জানান, তারা শতাধিক নাটকে অভিনয় করেছেন।
শনিবার তারা শুটিং শেষ করেছেন ‘সেম টু সেম’ নাটকের। এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। একসঙ্গে শতাধিক নাটকে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘আমার ও হিমির প্রথম দর্শকপ্রিয়তা পাওয়া নাটক ছিল বিয়ের পরীক্ষা। এরপর আসলে দর্শকেরই আগ্রহে প্রযোজক-পরিচালক আমাদের জুটি হিসেবে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করতে থাকেন। এভাবে যে কাজ করতে আমরা দুজন জুটি হিসেবে শতাধিক নাটকে অভিনয় করে ফেলব তা আসলে ভাবা হয়নি। ক’দিন আগেই যখন বিষয়টি সামনে এল তখন আমরা দুজনই অবাক হয়েছি। বিস্মিত হয়েছি দর্শকের ভালোবাসায়। কারণ দর্শকের যদি আমাদের জুটির প্রতি আগ্রহ-ভালোবাসা না থাকত, তাহলে এত কাজ করা সম্ভব ছিল না। হিমিকে ধন্যবাদ আমার পাশে থেকে সহযোগিতা করে যাওয়ার জন্য।’
হিমি বলেন, ‘দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তাদের কারণেই শতাধিক নাটকে আমাদের জুটি হয়ে কাজ করা। আগামীতেও আমরা আরো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই। একটা সত্যি কথা, জুটি প্রথায় আমি বিশ্বাসী নই। তার পরও নিলয় ভাইয়ের সঙ্গে আমার নামটি জুটি হিসেবে উচ্চারিত হয়, এটা সত্যিই ভালো লাগার। কারণ রাজ্জাক-কবরী, সালমান-শাবনূর জুটি হিসেবে তাদের নাম শুনেছি। এখন নিজেদের নাম শুনছি।’










