বাংলাদেশের রুশ দূতাবাস ও ঢাকার রাশিয়ান হাউজের যৌথ উদ্যোগে গতকাল ব্যাটল ফর আফ্রিকা শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হয়েছে। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে রাশিয়ার টিভি চ্যানেল রাশিয়া টুডে।
প্রদর্শনী অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের রুশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা। তিনি তার বক্তব্যে ইউক্রেন পরিস্থিতি ও সংকট সমাধানে মস্কোর উদ্যোগের কথা তুলে ধরেন।
রাশিয়ান হাউজের পরিচালক পাভেল ডিভয়চেঙ্কভ তার বক্তব্যে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আফ্রিকার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন। তিনি বলেন, বর্তমান রাশিয়া সেই নীতিই অব্যাহত রেখেছে। তার মতে, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার কূটনীতি আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক তৈরির ভিত্তি।
প্রামাণ্যচিত্রটি উপস্থিত দর্শকরা আগ্রহ নিয়ে দেখেন। দর্শকদের মধ্যে ছিলেন সংস্কৃতি কর্মী, শিক্ষার্থী, একাডেমিক, চিন্তাবিদ ও সাংবাদিকরা।










