বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ব্যাপক তাত্পর্যপূর্ণ। এ বেতার কেন্দ্র থেকে প্রচারিত যুদ্ধ সংবাদ, সংগীত, কবিতা, কথিকা ও নাটক মুক্তিযোদ্ধাদের সাহস এবং প্রেরণা জুগিয়েছে। এবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২৫ জন শব্দসৈনিককে সংবর্ধনা দিল বাংলাদেশ টেলিভিশন।
গত বৃহস্পতিবার বিটিভির ঢাকা কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শব্দসৈনিকদের পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক মো. সোহরাব হোসেন, ঢাকা কেন্দ্রের জিএম নাসির মাহমুদ, পরিচালক (প্রশাসন) মো. জহিরুল ইসলাম মিয়া, পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষসহ অনেকে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যেসব শব্দসৈনিককে সংবর্ধনা দেয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন মো. আবু নওশের, কামাল উদ্দিন আহমেদ, তিমির নন্দী, মনোয়ার হোসেন খান, মনোরঞ্জন ঘোষাল, মলয় কুমার গাঙ্গুলী, এমএ মান্নান, রেজাউল করিমসহ প্রমুখ।
শব্দসৈনিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধকে বেগবান করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অপরিসীম। এ বেতার কেন্দ্রের মাধ্যমেই পৃথিবীর জাতিগুলোর কাছে বাংলাদেশের প্রতি তাত্ক্ষণিক স্বীকৃতি ও সহযোগিতা দানের আহ্বান জানানো হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা কালজয়ী গানগুলো গেয়ে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি পুরো জাতিকে অনুপ্রাণিত করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে এ কণ্ঠসৈনিকদের বিশেষ অবদানকে স্মরণ করেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল বিটিভি।’










