দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে এল কাঙ্ক্ষিত সে দিন। ভক্তদের চমকে দিয়ে মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রথম লুক। তাতে আল্লু অর্জুনকে দেখে ভক্তদের একটি কথাই মনে পড়বে—‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায়!’ পুষ্পা: দ্য রাইজ সিনেমায় পুষ্পারাজের দেয়া সংলাপটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। দ্বিতীয় পর্বের প্রথম লুকে যেন সংলাপটির সার্থক চিত্রায়ণ হয়েছে। শুক্রবার ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার টিজার ও প্রথম লুক মুক্তি দিয়েছে সিনেমার নির্মাতারা। 

পরনে শাড়ি। হাত, কান, নাক ও গলায় স্বর্ণের গহনা। গলায় ফুলের মালা। সেই সঙ্গে কমলালেবুর একটি মালা। তা বিশেষভাবে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। সেগুলো যেন কাটা মুণ্ডের প্রতীক। ডান হাতে ধরা বন্দুক। এমন সাজে সজ্জিত হয়ে ক্যামেরার দিকে তীব্র চোখে তাকিয়ে থাকা পুষ্পাকে দেখে মনে হয় কালীর সাক্ষাৎ অবতার। প্রথম লুকেই ভক্ত ও সিনেমা অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। পিকচার তো ‘আভি বাকি হ্যায়!’।

পুলিশের চোখকে ফাঁকি দেয়ার জন্য এটি পুষ্পার ছদ্মবেশও হতে পারে। তবে তা নিছকই অনুমান। নিশ্চিত হতে সিনেমাটি দেখা ছাড়া অন্য কোনো উপায় নেই। অনুমানটি একেবারে ভিত্তিহীনও নয়। তিরুপথি জেল থেকে পুষ্পার পালানোর দৃশ্য দেখানো হয় টিজারে। প্রথমে মনে হয়, সে মারা গেছে। কিন্তু পরবর্তী সময়ে তাকে জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় দেখা যায়।

৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন ছিল। জন্মদিনের উপহারস্বরূপ আগের দিনই টিজার ও প্রথম লুক মুক্তি দেয়া হয়। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এ অভিনেতা। ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রথম লুক তিনি টুইটারে শেয়ার করেন। লেখেন, ‘#পুষ্পা ২ দ্য রুল বিগিনস!!!’ শেয়ার করতে দেরি, ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশে দেরি হলো না। ভারতীয় সিনেমাকে আল্লু অর্জুন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে এক ভক্ত মন্তব্য করেন। মন্তব্যে তাকে ‘আইকন স্টার’ বলে অভিহিত করেন সে ভক্ত। তার প্রতি শুভকামনা জানিয়ে আরেক ভক্ত লিখেছেন, ‘সিনেমাটি দেখার জন্য তর সইছে না।’

পুষ্পা ফ্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ ২০২১ সালে মুক্তি পেয়েছিল। একজন দিনমজুর থেকে লাল চন্দনের মুকুটহীন শাহেনশাহ হয়ে ওঠার গল্প বর্ণিত হয়েছে সে সিনেমায়। পুষ্পা চরিত্রে দর্শকদের হৃদয়-মন জয় করে নেন আল্লু অর্জুন। জনপ্রিয়তার ধারাবাহিকতায় সংলাপগুলো এখনো মানুষের মুখে মুখে। দ্বিতীয় কিস্তিও যে তার চেয়ে বেশি বৈ কম জনপ্রিয় হবে না, প্রথম লুক যেন সেদিকেই ইঙ্গিত করছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস